‘আমার সোজা কথা, টেস্টটা খুব ভালোভাবে জিততে চাই’

আপডেট : ০৩ এপ্রিল ২০২৩, ০৪:১৫

ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজের পালা শেষ। এবারের মিশন টেস্ট। আগামীকাল থেকে মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে শুরু হতে যাচ্ছে বাংলাদেশ ও আয়ারল্যান্ডের মধ্যকার একমাত্র টেস্ট। ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ জয়ের পর টেস্টেও বাংলাদেশ একমাত্র জয় কামনাই করবে, সেটাই স্বাভাবিক। তবে বাংলাদেশ জিততে মরিয়া আরো একটি কারণে। আইরিশদের বিপক্ষে একমাত্র টেস্টটা বাংলাদেশের জন্য মর্যাদা রক্ষার প্রশ্ন।

২০০০ সালে টেস্ট অভিষেকের পর থেকে এ পর্যন্ত সব পরাশক্তির বিপক্ষেই একাধিক টেস্ট খেলেছে বাংলাদেশ। সব মিলে ২৩ বছরে টেস্ট খেলেছে ১৩৬টি, যার ১৬টিতে বাংলাদেশ জিতেছে, বিপরীতে হেরেছে ১০২টিতে। বাকি ১৮টিতে ড্র করেছে। বিপরীতে ২০১৯ সালে টেস্ট স্ট্যাটাস পাওয়া আয়ারল্যান্ড এ পর্যন্ত টেস্ট খেলেছে মাত্র তিনটি। যথারীতি পাকিস্তান, আফগানিস্তান ও ইংল্যান্ডের বিপক্ষে সেই তিনটি টেস্টেই হেরেছে তারা।

তো মাত্র তিন টেস্ট খেলার অভিজ্ঞতাসম্পন্ন দলের বিপক্ষে ১৩৬ টেস্টের অভিজ্ঞতাসম্পন্ন দলের জয় কামনাটাই কাম্য। আইরিশদের বিপক্ষে বাংলাদেশের জয়ের তৃষ্ণা বাড়িয়ে দিতে আছে আরো একটি কারণ। টেস্ট পরিবারের আরেক পুঁচকে সদস্য আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টে হার মানতে হয় বাংলাদেশকে। বর্তমান টেস্ট অধিনায়ক সাকিব আল হাসানের নেতৃত্বে ২০১৯ সালে সেই হারটা আবার বাংলাদেশের মাটিতেই। চট্টগ্রামে আফগানদের বিপক্ষে ২২৪ রানের বিশাল হারটা বাংলাদেশের জন্য গলার কাঁটা হয়েই আছে।

আরো একবার যাতে লজ্জায় মাথা নত না হয়, সেজন্যই আইরিশদের বিপক্ষে বাংলাদেশ টেস্টটা জিততে মরিয়া। সেজন্য পূর্ণ শক্তির দলই গঠন করেছে বাংলাদেশ। অধিনায়ক সাকিব আল হাসান ও সহ-অধিনায়ক লিটন দাসকে তাই আইপিএলের জন্য এখনই ছুটি দেওয়া হয়নি। হয়তো টেস্ট খেলার পরই আইপিএল খেলতে যাওয়ার অনুমতি পাবেন তারা।

এতেই স্পষ্ট, বাংলাদেশ একমাত্র টেস্টটাকে কতটা গুরুত্ব দিচ্ছে। গতকাল টেস্ট উপলক্ষ্যে দলের অনুশীলনেও তাই এক সাকিব ছাড়া হাজির ছিলেন সবাই। সাকিব-লিটনের আইপিএল খেলতে যাওয়ার অনুমিত না দেওয়া প্রসঙ্গে বাংলাদেশের অন্যতম নির্বাচক আবদুর রাজ্জাক স্পষ্ট করেই বললেন, ‘আমার সোজা কথা, আমরা খুব ভালোভাবে টেস্টটা জিততে চাই।’ আবদুর রাজ্জাক বাংলাদেশের টেস্ট দলের শুরুর সময়ের সদস্য। শুরুর দিকের সেই উদাহরণ টেনে রাজ্জাক বলেছেন, ‘শুরুর দিকে আমরা যখন টেস্ট খেলেছি, তখন প্রতিপক্ষ দলগুলো আমাদের ওপর দাপট দেখিয়ে জিতত। আয়ারল্যান্ডের সঙ্গেও আমরা সেভাবেই খেলতে চাই, যাতে বোঝা যায় যে আমাদের উন্নতি হচ্ছে।’

আয়ারল্যান্ডের বিপক্ষে টেস্টে পূর্ণ শক্তির দল নিয়ে মাঠে নামার ব্যাখ্যায় রাজ্জাক বলেছেন, ‘টেস্ট ম্যাচ ভিন্ন একটা জিনিস। প্রথম দিকে ইংল্যান্ড, অস্ট্রেলিয়া বা দক্ষিণ আফ্রিকার মতো দলগুলোও আমাদের সঙ্গে পূর্ণ শক্তির দল নিয়ে মাঠে নামত। এমনকি ভারতও কিন্তু আমাদের বিপক্ষে টেস্ট খেলতে মূল দলটাই নিয়ে আসে। এই টেস্টটা হয়তো আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ নয়; তবে টেস্ট জেতাটা বড় বিষয়।  আমরা জিততে চাই।’

প্রতিপক্ষ আইরিশদের সম্পর্কে রাজ্জাকের মূল্যায়ন, ‘আয়ারল্যান্ডের প্রচুর ক্রিকেটার আছে, যারা ইংলিশ কাউন্টি ক্রিকেটে খেলে। কাজেই ওদের দুর্বল ভাবার কারণ নেই। আমাদের সঙ্গে ওয়ানডে বা টি-টোয়েন্টি সিরিজের ফল দেখে যদি মনে হয় আয়ারল্যান্ড খুব ভালো একটা দল নয়, তাহলে কিন্তু ভুল হবে।’ মোদ্দা কথা, রাজ্জাক একই সঙ্গে সতর্ক আবার জয়ের জন্য মরিয়াও। সাকিব-লিটনরা পারবেন সামর্থ্যের সবটুকু ঢেলে দিয়ে সাবেক সতীর্থ ও বর্তমান নির্বাচক রাজ্জাকের মনোবাসনা পূর্ণ করতে?

 

 

ইত্তেফাক/ইআ