‘প্রবাসে প্রাণের বাংলাদেশ’ এ স্লোগানে উত্তর আমেরিকায় বসবাসরত বাংলাদেশিদের সবচেয়ে বৃহৎ মিলন মেলা ফোবানা কনভেনশনের আসর বসতে যাচ্ছে এবার কানাডার সংস্কৃতি নগরী মন্ট্রিয়লে।
হোটেল ও কনভেনশন সেন্টার লাভাল শেরাটন হোটেলে তিন দিনব্যাপী ফোবানার জমজমাট আসর অনুষ্ঠিত হবে।
আগামী ১, ২, ও ৩ সেপ্টেম্বরের স্বাগতিক সংগঠন বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব মন্ট্রিয়লের আয়োজনে উত্তর আমেরিকার শতাধিক বাংলাদেশি সংগঠনের প্রায় দুই হাজার বাংলাদেশি অনুষ্ঠিতব্য ফোবানা কনভেনশনে অংশগ্রহন করবেন।
গেল বছর আমেরিকার লস এঞ্জেলেসে অনুষ্ঠিত ফোবানা কনভেনশনে এক্সিজিকিউটিভ কমিটি সর্বসম্মতিক্রমে এবছর মন্ট্রিয়ল শহরকে ফোবানা কনভেনশনের জন্য নির্বাচন করে।
মন্ট্রিয়ল ফোবানার কনভেনর সাংবাদিক মনিরুজ্জামান জানান, উত্তর আমেরিকায় বসবাসকারী বাংলাদেশিদের সর্ববৃহত এই আয়োজন সম্পন্ন করতে প্রস্তুতি এগিয়ে চলছে। মন্ট্রিয়লসহ কানাডা আমেরিকার বিভিন্ন শহর থেকে সংগঠকদের নিয়ে প্রায় একশত সদস্যের কমিটি গঠন করা হচ্ছে। এখানে বড় হওয়া নতুন প্রজন্মের মাঝে বাংলাদেশের শিল্প সাহিত্য সংস্কৃতি তুলে ধরাই এবার ফোবানার মূল লক্ষ্য।
তিনি জানান, সেমিনার সিম্পোজিয়াম, বিজনেজ সামিট, সাহিত্য সম্মেলন, ট্যালেন্ট শো, ইউথ সামিট এবং বাংলাদেশের স্টার শিল্পীদের নিয়ে কনসার্ট ইত্যাদি দিয়ে কনভেনশনকে সাজানো হবে।
২০২৩ সালের ফোবানা কনভেনশন উদ্বোধনের জন্য কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোকে ইতোমধ্যেই আনুষ্ঠানিকভাবে আমন্ত্রণ জানানো হয়েছে।
