পর্যটক হেনস্তাকারী কালু ২০০ টাকা জরিমানা দিয়ে মুক্ত

আপডেট : ০৩ এপ্রিল ২০২৩, ১৮:৫৫

রাজধানীর কাওরান বাজার এলাকায় লিউক ডামান্ট নামে এক অস্ট্রেলিয়ান ভ্লগারকে উত্ত্যক্ত করার অভিযোগে আটক দোভাষী আব্দুল কালুকে ২০০ টাকা অর্থদণ্ডে দণ্ডিত করেছেন আদালত। অনাদায়ে তাকে একদিনের কারাগারে পাঠানোর আদেশ দেওয়া হয়। তবে তিনি জরিমানার টাকা পরিশোধ করে চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতের হাজতখানা থেকে মুক্ত হয়েছেন। 

সোমবার (৩ এপ্রিল) কালুকে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করে পুলিশ। পরে তিনি নিজের অপরাধ স্বীকার করলে তাকে ২০০ টাকা অর্থদণ্ডের বিনিময়ে মুক্তির আদেশ দেন ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট শফি উদ্দিনের আদালত। সিএমএম আদালতের হাজত খানার ইনচার্জ জাহিদুল ইসলাম গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন। 

এর আগে গতকাল (রোববার) ডিএমপি অধ্যাদেশের ৭৭ ধারায় অপরাধ করায় তাকে একই অধ্যাদেশের ১০০ ধারায় গ্রেপ্তার দেখায় পুলিশ। 

উল্লেখ্য, সম্প্রতি হোটেল থেকে বের হয়ে রাজধানীর কাওরান বাজার এলাকায় ব্লগ করছিলেন অস্ট্রেলিয়ার জনপ্রিয় ব্লগার লুক ডামান্তা। সেসময় হযবরল ইংরেজিতে তাকে স্বাগত জানান কালু। তারপর রাস্তার পাশের ডিম কেক খাওয়ার সময় লিউক ডামান্টের সঙ্গে কথা বলতে থাকেন কালু। পরে দুটি ডিম কেকে খাওয়ার পর লুক ওই দোকানিকে ৫০০ টাকার নোট দিয়ে পুরোটা রেখে দিতে বলেন। কিন্তু ডিম কেকের দোকানি ইংরেজি না বোঝায় কালু তাকে বলে ৫০০ টাকার মধ্যে ২৫০ টাকা রেখে বাকি ২৫০ টাকা আমাকে দিয়ে দিতে বলেছে বিদেশি নাগরিক। পরে ২৫০ টাকা নিয়ে নেন কালু। টাকা নিয়েও ক্ষান্ত হননি কালু। সে লুকের পেছন পেছন চলতে থাকেন এবং তাকে উত্ত্যক্ত করে চলছিলেন। শেষ পর্যন্ত আর কোনো উপায় না পেয়ে লুক ডামান্ত মোবাইলে কল করার অভিনয় করে তার কাছ থেকে রেহাই পান। শেষে তিনি ওই ব্যক্তিকে এড়িয়ে চলার পরামর্শ দেন।

পরে লিউক ডামান্টের এ ভিডিও ফেসবুকে ছড়িয়ে পড়লে ব্যাপক সমালোচনা শুরু হয়। বিদেশি পর্যটকদের কাছে বাংলাদেশের সুনাম ক্ষুণ্ণ হওয়ায় নিন্দা জানাতে থাকেন অনেকে। পরে বিষয়টি ট্যুরিস্ট পুলিশের দৃষ্টিগোচর হলে কালুকে আটক করা হয়। 

উল্লেখ্য, লিউক ডামান্টের ফেসবুকে প্রায় ৩ দশমিক ২ মিলিয়ন ফলোয়ার। ভিডিওটি ফেসবুকে আপলোড করার পরই দ্রুত তা ছড়িয়ে পড়ে। ফেসবুকে ভিডিওটির দেখা হয় ৯ দশমিক ৪ মিলিয়ন বার।

ইত্তেফাক/এনএ