কারামুক্ত হলেন সাংবাদিক শামসুজ্জামান

আপডেট : ০৩ এপ্রিল ২০২৩, ১৯:৩২

রাজধানীর রমনা থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে করা মামলায় কারাগার থেকে মুক্তি পেলেন প্রথম আলোর সাংবাদিক শামসুজ্জামান। সোমবার  (৩ এপ্রিল) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে কারাগার থেকে বের হন তিনি। এর আগে দুপুরে ওই মামলায় জামিন পান শামসুজ্জামান। কারাগারের জেল সুপার সুভাষ ঘোষ গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন। 

এর আগে আজ ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতে দ্বিতীয়বার জামিন আবেদন করেন শামসুজ্জামান।

গত বৃহস্পতিবার (৩০ মার্চ) শামসুজ্জামানকে সিএমএম আদালতে আনা হয়। পরে রমনা থানা পুলিশ তাকে কারাগারে আটক রাখার আবেদন করে। ওইদিন শুনানি শেষে আদালত জামিন আবেদন নাকচ করে কারাগারে পাঠানোর আদেশ দেন।

কারামুক্ত হওয়ার পর সাংবাদিক শামসুজ্জামান। ছবি: আব্দুল গনি

উল্লেখ্য, গত বুধবার ভোর চারটার দিকে সাভারে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের পাশের আমবাগান এলাকায় শামসুজ্জামানের বাসায় যান ১৪ থেকে ১৫ জন। নিজেদের পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) সদস্য পরিচয়ে তার থাকার কক্ষ তল্লাশি করা হয়। পরে তার ব্যবহৃত একটি ল্যাপটপ, দুটি মুঠোফোন ও একটি পোর্টেবল হার্ডডিস্কসহ শামসুজ্জামানকে নিয়ে যান তারা।

এরপর শুক্রবার দিবাগত রাতে শামসুজ্জামানের বিরুদ্ধে রমনা থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা হয়। একইসঙ্গে প্রথম আলো সম্পাদক মতিউর রহমানকে এই মামলার প্রধান আসামি করা হয়।

ইত্তেফাক/এএএম