ভোলা সদরের ওয়েস্টার্ন পাড়া এলাকায় একটি তুলার গুদামে আগুন লেগে গুদামসহ পাঁচটি বসত ঘর পুড়ে গেছে। এ সময় অসুস্থ হয়ে ইব্রাহিম (৪৫) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে।
সোমবার (৩ এপ্রিল) রাত সাড়ে ১০টার দিকে লাগা আগুন ভোলা ফায়ার সার্ভিসের তিনটি ইউনিটের দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।
ফায়ার সার্ভিস ও ভোলা সদর মডেল থানার ওসি শাহিন ফকির জানান, রাত ১০টার দিকে স্থানীয় একটি তুলার গোডাউন থেকে আগুনের সুত্রপাত হয়। মুহূর্তের মধ্যে আগুন গোডাউনের পাশে পাঁচটি বসত ঘরে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট ঘন্টাব্যাপী চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। কিন্তু ততক্ষণে আগুনে গোডাউন ও পাঁচটি বসত ঘর পুড়ে যায়। আগুন নেভাতে জেলা পুলিশ, রেড ক্রিসেন্ট টিমসহ স্থানীয়রা অংশ নেয়।
ওসি শাহিন ফকির জানান, ফায়ার সার্ভিসকে সহযোগীতা করতে এসে প্রচণ্ড ধোয়ায় অসুস্থ হয়ে ইব্রাহিম নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে।
প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে আগুনে প্রায় কোটি টাকার মতো ক্ষয়ক্ষতি হয়েছে।
ভোলা সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা মো. তৌহিদুল ইসলাম বলেন, আগুন নিয়ন্ত্রণ রয়েছে। ক্ষতিগ্রস্থদের জেলা প্রশাসনের পক্ষ থেকে সার্বিক সহযোগীতা করা হবে।
