নারায়ণগঞ্জে কিশোরকে কুপিয়ে হত্যার অভিযোগ

আপডেট : ০৪ এপ্রিল ২০২৩, ১৩:২৯

নারায়ণগঞ্জ বন্দরে এক কিশোরকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে। সোমবার (৪ এপ্রিল) রাতে বন্দরের রূপালী আবাসিক এলাকায় এ ঘটনা আল আমিন নামে ২৭ বছরের এক যুবক আহত হন। 

নিহত মেরাজ (১৬) বন্দরের ছালেহনগর এলাকার এজাজ মিয়ার ছেলে।

এলাকাবাসী ও প্রত্যক্ষদর্শীরা জানান, সোমবার সন্ধ্যায় বন্দরের রুপালী আবাসিক এলাকায় একটি দোকানে আড্ডা দিচ্ছিল মেরাজ ও তার বন্ধু আলামিন। ওই সময় পূর্ব শত্রুতার জের ধরে পিংকি, বাবু, মানিক, রানা ও নাদিমসহ অজ্ঞাতনামা ছয় জন দেশীয় অস্ত্র নিয়ে তাদের ওপর অতর্কিতে হামলায় চালায়। একপর্যায়ে হামলাকারীরা মেরাজ ও আলআমিনকে কুপিয়ে জখম করে পালিয়ে যায়।

পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে বন্দর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখান থেকে দুজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে রাত সাড়ে ৯টার দিকে চিকিৎসাধীন অবস্থায় মেরাজের মৃত্যু হয়।

এ ঘটনায় এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে।

বন্দর থানার ওসি আবু বকর সিদ্দিক জানান, এ ব্যাপারে মামলার প্রস্তুতি চলছে। ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

ইত্তেফাক/আরএজে