হামলাকারীদের শনাক্ত করে ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি আইজিপির

আপডেট : ০৪ এপ্রিল ২০২৩, ১৭:০৬

বাংলাদেশ পুলিশের আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল-মামুন বলেছেন, ফায়ার সার্ভিসের সদর দফতরে হামলাকারীদের খুঁজে শনাক্ত করে আইনের আওতায় আনা হবে।  ‌

মঙ্গলবার (৪ এপ্রিল) বিকেল ৩টায় পুলিশ সদর দফতরের পশ্চিমগেটে আয়োজিত ব্রিফিংকালে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। ‌‌

ছবি: ফোকাস বাংলা

হামলার বিষয়ে তিনি বলেন, আপনারা দেখেছেন যে, সেখানে হাজার হাজার লোক ছিলো। আমরা খবর পেয়ে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছি। যারা হামলায় জড়িত তাদের শনাক্ত করে আইনের আওতায় আনা হবে।

আইজিপি বলেন, আগুনর ঘটনায় ফায়ার সার্ভিসের পাশাপাশি আমাদের সদস্যরাও কাজ করেছেন। আমাদের পক্ষ থেকে দুই লাখ লিটার পানি সরবরাহ করা হয়েছে। ঘটনাস্থলে আমাদের প্রায় ২ হাজার ফোর্স উপস্থিত ছিলো। আমরা বিভিন্নভাবে সেখানে দায়িত্ব পালন করেছি।আমাদের পাশাপাশি সেনাবাহিনী, বিমানবাহিনী, বিজিবি, র‌্যাব ও আনসার সদস্যরা সমন্বয় করে কাজ করেছেন। কিছু আগে ফায়ার সার্ভিস থেকে জানানো হয়েছে আগুন এখন নিয়ন্ত্রণ। ‌

ছবি: ফোকাস বাংলা

পুলিশ সদর দফতরে একটি ভবনে আগুনের প্রসঙ্গে  তিনি বলেন, পুলিশ হেডকোয়ার্টারে ব্যারাকের ৫ তলার একটি ম্যাচ পুড়ে গেছে। তবে কেউ হতাহত হয়নি। মালামাল পুড়ে গেছে কিন্তু কোনো সদস্য আহত হয়নি। এছাড়াও ডিএমপির এক্সচেঞ্জ পুড়ে গেছে।

আইজিপির এই ব্রিফিংকালে আরও উপস্থিত ছিলেন ডিএমপি কমিশনার খন্দকার গোলাম ফারুক, র‌্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন সহ আইনশৃঙ্খলা বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা।

ইত্তেফাক/এমএএম