‘এখন অ্যালবাম প্রকাশ করা চ্যালেঞ্জিং’

আপডেট : ০৪ এপ্রিল ২০২৩, ১৭:২০

৫ বছরের বিরতি কাটিয়ে আবারও ভক্ত-শ্রোতাদের মন ভালো করার খবর দিলো জনপ্রিয় রক ব্যান্ড নেমেসিস। চতুর্থ অ্যালবামের প্রস্তুতি নিচ্ছে তারা। ২০১৭ সালের পর এরইমধ্যে অ্যালবামের কাজে হাত দিয়েছে দলটি।

এ প্রসঙ্গে নেমেসিসের দলনেতা জোহাদ রেজা চৌধুরীর বলেন, ‘প্রায় ৫ বছর পর আবারও আমরা নতুন অ্যালবাম মুক্তি দিতে যাচ্ছি, যা নিয়ে গোটা দলই এক্সাইটেড। কারণ বর্তমান সময়ে একটি পূর্ণাঙ্গ অ্যালবাম মুক্তি দেওয়া কতটা চ্যালেঞ্জের, সেটি যারা দেয় তারা ছাড়া আর কেউ বুঝবে না। সেই চ্যালেঞ্জটা নিতেই আমাদের ৫ বছর সময় লেগে গেছে। গানের সব কাজ শেষ হতে হতে আরও মাসখানেক লাগবে। এখন পর্যন্ত নতুন অ্যালবামের ছয়টি গান সম্পন্ন হয়েছে। আরো চারটি গান তৈরি করার প্রস্তুতি চলছে। আসছে সেপ্টেম্বরে অ্যালবামটি মুক্তি দেওয়ার পরিকল্পনা রয়েছে। দেখা যাক কী হয়!’

জানা গেছে, এবারের অ্যালবামে প্রেম, বিরহ, জীবনের নানা বোধের গান থাকবে। নতুন এই অ্যালবামের নাম কী হবে?—এমন প্রশ্নে জোহাদ আরও বলেন, ‘অ্যালবামের নামের বিষয়ে এখনও কোনো সিদ্ধান্ত হয়নি। আমরা আপাতত গান নির্মাণ নিয়ে সবাই ব্যস্ত আছি। সব গান তৈরি করা সম্পন্ন হয়ে গেলে তারপর অ্যালবামের নাম নিয়ে চিন্তা করব।’

উল্লেখ্য, ১৯৯৯ সালে আত্মপ্রকাশ করা এই ব্যান্ডদলটি ২০০২-৩ সালের দিকে শ্রোতাদের কাছে পরিচিতি পেতে শুরু করে। ২০০৬ সালে আসে নেমেসিসের প্রথম অ্যালবাম ‘অন্বেষণ’।

এরপর ২০১১ সালে তাদের দ্বিতীয় অ্যালবাম ‘তৃতীয় যাত্রা’ ও ২০১৭ ‘গণজোয়ার’ মুক্তি দেওয়া হয়। নেমেসিসের বর্তমান লাইলআপ জোহাদ রেজা চৌধুরী (ভোকাল), রাকুইবান নবি রাতুল (বেজ গিটার), ডিও হক (ড্রাম), জেরিফ আহমেদ (লিড গিটার ও সাইড ভোকাল) এবং জাফির হক (গিটার)।

ইত্তেফাক/বিএএফ