সম্মিলিত সাংস্কৃতিক জোট ও বাংলাদেশ আবৃত্তি সমন্বয় পরিষদের সাধারণ সম্পাদক আবৃত্তিশিল্পী মো. আহ্কাম উল্লাহ্'র মা সুফিয়া ইমাম মারা গেছেন (ইন্না লিল্লাহি...রাজিউন। সোমবার (৩ এপ্রিল) রাত পৌনে ৩টার দিকে রাজধানীর নিজবাসায় মৃত্যুবরণ করেন তিনি।
বুধবার (৫ এপ্রিল) জোহরের নামাজের পর কমলাপুর শের-এ-বাংলা উচ্চ বিদ্যালয় মাঠে সুফিয়া ইমামের জানাজার নামাজ হবে বলে জানা গেছে। পরে তার লাশ বনানী কবরস্থানে দাফন করা হবে বলে পারিবারিক সূত্রে জানা যায়।
তিনি বার্ধক্যজনিত নানা জটিলতায় ভুগছিলেন। সুফিয়া ইমাম সুফিয়া ইমাম পাঁচ ছেলে ও এক মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তার এক ছেলে আহসান উল্লাহ তমাল বাংলাদেশ আবৃত্তি সমন্বয় পরিষদের ঢাকা অঞ্চলের দায়িত্বপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক ও সম্মিলিত সাংস্কৃতিক জোটের নির্বাহী কমিটির সদস্য।
সুফিয়া ইমাম দেশের প্রগতিশীল রাজনৈতিক-সাংস্কৃতিক আন্দোলনে পৃষ্ঠপোষকতা ও সমাজসেবামূলক কর্মকাণ্ডে যুক্ত ছিলেন। তার মৃত্যুতে দেশের সংস্কৃতি অঙ্গনে নেমেছে শোকের ছায়া।
শোক প্রকাশ করেন বাংলাদেশ আবৃত্তি সমন্বয় পরিষদের সভাপতি আসাদুজ্জামান নূর, সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি গোলাম কুদ্দুছ, সাংস্কৃতিক ব্যক্তিত্ব নাসিরুদ্দিন ইউসুফ প্রমুখ।
শোক বিবৃতিতে তারা মরহুমের বিদেহী আত্মার শান্তি কামনা করেন এবং শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান।
