বঙ্গবাজারে অগ্নিকাণ্ডের ২৪ ঘণ্টা পেরিয়ে গেলেও এনেক্সকো টাওয়ারের ৫ম ও উপরের তলায় পানি ছিটানো অব্যাহত রেখেছে ফায়ার সার্ভিস। যদিও আনুষ্ঠানিকভাবে আগুন নিয়ন্ত্রণের খবর জানানো হয়েছে গতকালই (মঙ্গলবার)। তবে ফায়ার সার্ভিসের কর্মীরা বলছেন, যেহেতু ভেতরে কাপড়ের গোডাউন রয়েছে, সেহেতু সেখান থেকে ধোঁয়া বের হতে দেখে পানি ছেটানো হচ্ছে।
ফায়ার সার্ভিসের কর্মীরা যেখানেই আগুন ও ধোঁয়া দেখছেন সেখানেই পানি ছিটিয়ে নেভানোর চেষ্টা করছেন।
এনেক্সকো টাওয়ারের এক কর্মচারী বলেন, এনেক্সকো টাওয়ারে কাপড়ের দোকান ও গোডাউন থাকায় এখনও অনবরত ধোঁয়া বের হচ্ছে। দোকান মালিকরা মালামাল বের করার চেষ্টা করছে।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের উপপরিচালক আক্তারুজ্জামান গণমাধ্যমকে জানান, খোলা জায়গায় আগুন না থাকলেও এনেক্সকো টাওয়ারের ৫ থেকে ৭ তলায় কিছুটা আগুন থাকতে পারে। আমরা সেটি নির্বাপন করছি।
মঙ্গলবার (৪ এপ্রিল) সকাল ৬টা ১০মিনিটে বঙ্গবাজারে আগুনের সূত্রপাত হয়। বঙ্গবাজার থেকে আশপাশের আরও চারটি মার্কেটে আগুন ছড়িয়ে পড়ে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস, সেনাবাহিনী, নৌবাহিনী, বিমানবাহিনী, বিজিবি, পুলিশ, র্যাব ও ওয়াসাসহ অনেক বাহিনী ও সংস্থার চেষ্টায় দুপুর সাড়ে ১২টায় আগুন নিয়ন্ত্রণে আসে।
