মেসি খেললে বাংলাদেশের দর্শকেরও চোখ থাকবে সৌদিতে

আপডেট : ০৬ এপ্রিল ২০২৩, ১১:২০

কাতার বিশ্বকাপ ফুটবলের আসর শেষ হওয়ার পর মুসিলম বিশ্বে ফুটবল এখন প্রধান আলোচনা। আগামী কয়েক বছর কাতারের মাটিতে খেলাধুলার বাজার বসবে। টানা খেলা হবে। পিছিয়ে নেই সৌদি আরব। তারা এবছরই ডিসেম্বরে  আয়োজন করছে ক্লাব বিশ্বকাপ ফুটবল। আর সেই সঙ্গে আগাম সুর তুলেছে ২০৩০ সালের ফুটবল বিশ্বকাপ আয়োজন করতে চায় সৌদি আরব। 

বিশ্ব ফুটবলের মঞ্চে নিজেদের চেনানোর জন্য সবরকম চেষ্টা করছে সৌদি আরব। প্রথম ধাক্কায় পর্তুগিজ তারকা ক্রিশ্চিয়ানো রোনালদোকে নিয়েছে সৌদির ক্লাব আল নসর ক্লাব। এরপরই তাদেরকে টেক্কা দিতে মেসিকে নেওয়ার চেষ্টায় সৌদির ক্লাব ফুটবলের আরেক জায়ান্ট আল হিলাল ক্লাব। 

সৌদি প্রো লিগে আল নসর এবং আল হিলাল ক্লাবের লড়াইকে সৌদি আরবের ‘ক্লাসিকো’ হিসেবে তুলনা করা হয়। সেই আল হিলাল বছরে ৪০ কোটি ইউরোর বেশি রেকর্ড অর্থে লিওনেল মেসিকে দলে নিতে চাইছে বলে শোনা যাচ্ছে। 

যদিও খোদ আল হিলাল ক্লাব থেকে  কোনো মন্তব্য করা হয়নি। তবে গুঞ্জন আছে মেসির চুক্তি নিয়ে আলোচনা করতেই নাকি মেসির বাবা জর্জ মেসি আরো একবার রিয়াদে গেছেন। পিএসজিতে মেসির চুক্তি শেষ হবে আগামী ৩০ জুন। তারপরই মেসি মুক্ত। ফ্রি এজেন্ট হয়ে যাবেন মেসি। এরই মধ্যে বার্সেলোনা মেসিকে ফিরিয়ে আনার চেষ্টা করছে। ঘরের ছেলেকে ঘরে ফিরে পেতে চাইছে বার্সা। 

অন্যদিকে, স্প্যানিশ সংবাদমাধ্যম মার্কা বলছে মেসির বাবা সৌদি আরবের পর্যটন বোর্ডের আমন্ত্রণে সেখানে গেছেন। সৌদি আরবের পর্যটন বোর্ডের অ্যাম্বাসেডর হিসেবে কাজ করছেন মেসি।

ইত্তেফাক/এসএস