লালমনিরহাটের কালীগঞ্জে আবু মুসা ছোটন (৩৫) নামে এক ছাত্রলীগ নেতাকে ছুরিকাঘাতে হত্যার অভিযোগ উঠেছে। মঙ্গলবার (৪ এপ্রিল) সন্ধ্যায় উপজেলার শ্রুতিধর জামির বাড়ি সরকারি প্রাথমিক (হাজির স্কুল) বিদ্যালয় মাঠে এ ঘটনা ঘটে।
নিহত আবু মুসা ছোটন উপজেলার শ্রুতিধর এলাকার আবুল কাশেমের ছেলে। তিনি ভোটমারী ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি ও উপজেলা ছাত্রলীগের সাবেক সহসভাপতি।
জানা যায়, মঙ্গলবার সন্ধ্যা ৭টার দিকে ছোটন শ্রুতিধর জামির বাড়ি সরকারি প্রাথমিক (হাজির স্কুল) বিদ্যালয়ের পাশের দোকানে বসেছিল। তখন একই এলাকার জহুরুল হকের ছেলে পলাশ (২৫) ছোটনকে স্কুল মাঠে ডেকে নিয়ে গিয়ে উপর্যুপরি ছুরিকাঘাত করে। এ সময় ছোটনের চিৎকারে স্থানীয়রা এসে পলাশকে আটক করে এবং গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে শারীরিক অবস্থার অবনতি হলে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে ছোটনের মৃত্যু হয়।
কালীগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডা. সমিরণ কুমার রায় বলেন, ছোটনের শরীরে কয়েকটি গভীর খতের চিহ্ন রয়েছে।
কালীগঞ্জ থানার ওসি এটিএম গোলাম রসুল বলেন, একজনকে আটক করা হয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য লালমনিরহাট হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
