ষষ্ঠ শ্রেণির এক ছাত্রীকে অপহরণ পর ধর্ষণের অভিযোগে করা মামলায় মো. রিফাত নামে এক যুবককের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত।
বৃহস্পতিবার ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৮ এর বিচারক বেগম মাফরোজা পারভীন এ রায় ঘোষণা করেন। রায়ে আসামিকে এক লাখ টাকা জরিমানা অনাদায়ে, আরও ছয় মাসের কারাদণ্ড দেওয়া হয়।এদিন আসামির উপস্থিতিতে রায় ঘোষণা করেন আদালত। রায় ঘোষণার পর আসামিকে কারাগারে পাঠানোর আদেশ দেন আদালত।
মামলার অভিযোগ থেকে জানা যায়, স্কুলে যাওয়া আসার পথে দীর্ঘদিন ধরে ওই ছাত্রীকে উত্ত্যক্ত করে আসছিল আসামি রিফাত। ভিকটিমের পরিবার রিফাতকে এ কাজ করতে নিষেধ করলে ভিকটিমকে অপহরণ করে ধর্ষণের হুমকি দেয় সে। এরই ধারাবাহিকতায় ২০১৯ সালের ৫ অক্টোবর দুপুর ১ টার সময় ভিকটিমকে একা পেয়ে রিফাত ও তার সহযোগীরা অটোরিকশা যোগে তুলে অজ্ঞাত স্থানে নিয়ে ধর্ষণ করে। ঘটনার দুইদিন পর ৭ অক্টোবর আসামিকে গ্রেফতার করে মেয়েটিকে উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় ৮ অক্টোবর ভুক্তভোগী মেয়ের বাবা রাজধানীর শাহবাগ থানায় রিফাতসহ অজ্ঞাতনামা ২ থেকে ৩ জনকে আসামি করে মামলা দায়ের করেন।
২০১৯ সালের ৩০ জুলাই মামলার তদন্ত কর্মকর্তা শাহবাগ থানার এসআই মো. ইদ্রিস আলী আসামির বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করেন। মামলা চলাকালে অভিযোগপত্রভুক্ত নয়জন সাক্ষীর মধ্যে সাতজন বিভিন্ন সময় সাক্ষ্য প্রদান করেন।
