কোপা ডেল রে’র সেমিফাইনালের দ্বিতীয় লেগে বুধবার (৫ এপ্রিল) ৪-০ গোলে রিয়াল মাদ্রিদের কাছে বিধ্বস্ত হয়েছে বার্সেলোনা। ঘরের মাঠের এল ক্লাসিকোতে বড় হারের পর রাতে ঘুমানো কঠিন হয়ে যাবে বলে স্বীকার করেছেন বার্সা কোচ জাভি হার্নান্দেজ।
দুই লেগ মিলিয়ে ৪-১ ব্যবধানে এগিয়ে থেকে ৩১ বারের রেকর্ড স্প্যানিশ কাপ চ্যাম্পিয়নদের বিদায় করে ফাইনালের টিকেট পেয়েছে মাদ্রিদ। ভিনিসিয়াস জুনিয়র প্রথমার্ধের ইনজুরি টাইমে গোলের খাতা খুলেন, এরপর করিম বেনজেমার হ্যাটট্রিকে মাদ্রিদের বড় জয় নিশ্চিত হয়। শেষ তিনটি ক্লাসিকোতে রিয়াল মাদ্রিদকে হারায় বার্সেলোনা।
তবে এই দিন রিয়ালের কাছে পাত্তাই পায়নি বার্সা। ম্যাচ শেষে জাভি বলেছেন, 'আমরা আজ সবাইকে হতাশ করেছি। অবশ্যই রাতে ঘুমানো কঠিন হয়ে যাবে, বিশেষ করে কোচের বাইরে গিয়ে বার্সার একজন একনিষ্ঠ সমর্থক হিসেবেও এই ধরনের পরাজয় কোনভাবেই মেনে নিতে পারছি না। আমি খেলোয়াড়দের আগেই বলেছিলাম এমন হতে পারে।'
তিনি আরও বলেন, 'আমরা ১-০ ব্যবধানে এগিয়ে থেকে খেলতে নেমেছিলাম, যে কারণে সুযোগটা আমাদেরই বেশি ছিল। এটা সত্যিই লজ্জাজনক। কারণ প্রথমার্ধ আমরা ভালভাবেই শেষ করেছিলাম। তখনো ম্যাচ আমাদের পক্ষে ছিল। দ্বিতীয়ার্ধে মাদ্রিদ ভাল খেলেছে। সত্যি বলতে কি শারীরিক ভাবে তারা আমাদের থেকে ভাল ছিল, যে কারণে বারবার আমাদের উপর চাপ সৃষ্টি করেছে। আসলে এ ধরনের পরাজয়ে কোন অজুহাত আমার জানা নেই।’
