ফরিদপুর ৪ আসনের সংসদ সদস্য ও আওয়ামী যুবলীগের প্রেসিডিয়াম মেম্বার মজিবুর রহমান চৌধুরী নিক্সন বলেছেন, আগামী নির্বাচনে আমাদের বিজয়ী হতে এখন থেকেই মাঠে সক্রিয়ভাবে কাজ করুন। দ্বাদশ সংসদ নির্বাচনেও শেখ হাসিনার সরকার পুনরায় নির্বাচিত হবে এবং আপনারাই নির্বাচিত করবেন। আমাদেরকে কেউ কামড় দিলে আমরা তাকে পাল্টা কামড় না দিয়ে রাজনৈতিকভাবে মোকাবেলা করব। আপনারা সকল ভয়-ভীতি উপেক্ষা করে গুজবে কান না দিয়ে মাঠে সক্রিয়ভাবে কাজ করুন। জনগণ চাইলে উক্ত নির্বাচনে আমি বিজয়ী হব, শেখ হাসিনার সরকার বিজয় হবে।
বৃহস্পতিবার (৬ এপ্রিল) সন্ধ্যায় ভাঙ্গা উপজেলার আজিমনগর ইউনিয়নের এমপি নিক্সন চৌধুরীর বাসভবনে ভাঙ্গা, সদরপুর ও চরভদ্রাসনের সাইবার যোদ্ধা ও নেতা-কর্মীদের সঙ্গে নিয়ে এক ইফতার মাহফিল অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে এ কথা বলেন তিনি।
তিনি আরও বলেন, বর্তমান সময়ে একটি মহল বিভিন্ন এলাকায় গুজব ছড়িয়ে বেড়াচ্ছে যে ফরিদপুর ৪ আসনকে ভেঙে দুটি আসনে রূপান্তরিত করা হবে। এতে করে আমাকে কোনঠাসা করে করা হবে। আমি নিক্সন চৌধুরী আপনাদের ওয়াদা দিতেছি যদি ফরিদপুর ৪ আসন ভেঙে দুটি আসন হয় আমি দুই আসন থেকেই নির্বাচন করব ইনশাল্লাহ। ফরিদপুর ৪ আসনের জনগণ তথা ভাঙ্গা, সদরপুর চরভদ্রাসনের মানুষ আমাকে ভালোবেসে আমার উন্নয়ন, মূল্যায়ন ও আদর্শকে বুকে ধারণ করে দীর্ঘ ১০ বছর আমার সঙ্গে কাজ করেছে। মাননীয় প্রধানমন্ত্রীর স্নেহভাজনে আমি উক্ত এলাকার জনগণকে সঙ্গে নিয়ে উন্নয়ন করেছি। একটি মহল অপপ্রচার করছে দুটি আসন বিভক্ত করে জনগণের কাছ থেকে আমাকে দূরে সরানোর গুজব রটিয়ে বেড়াচ্ছে। আপনারা গুজবে কান দিবেন না।
এ সময় আরও উপস্থিত ছিলেন ভাঙ্গা উপজেলা পরিষদের চেয়ারম্যান এসএম হাবিবুর রহমান, ভাঙ্গা, সদরপুর ও চরভদ্রাসন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানরা, বিভিন্ন নেতা-কর্মীসহ অনেকে।
