মানিকগঞ্জের হ্যাচারিতে রুবেল খুনের মামলায় পিবিআইয়ের তদন্ত চলবে, হাইকোর্টের এ সংক্রান্ত আদেশ বহাল রেখেছে আপিল বিভাগ। বৃহস্পতিবার (৬ এপ্রিল) হাইকোর্টের আদেশের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের আবেদনের শুনানি শেষে বিচারপতি এম ইনায়েতুর রহিম এ আদেশ দেন। রিটের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট মোহাম্মদ শিশির মনির এবং রাষ্ট্রপক্ষে শুনানি করেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল সুজিত চ্যাটার্জি বাপ্পী।
তবে এ মামলার তদন্ত কর্মকর্তা মাসুদুর রহমানের বরখাস্তে হাইকোর্টের আদেশ স্থগিত করেছে আপিল বিভাগ। তদন্তে ত্রুটি পরিলক্ষিত হওয়ায় এবং আদালতে মিথ্যাচার করায় এসআই মাসুদুর রহমানকে বরখাস্তের নির্দেশ দিয়েছিল হাইকোর্ট।
সোমবার (৩ এপ্রিল) মানিকগঞ্জের কৈতরা গ্রামের হ্যাচারিতে মো. রুবেল (২২) খুনের মামলায় অবিশ্বাস্যভাবে ৪২ ঘণ্টার মধ্যে অভিযোগপত্র দাখিলের অভিযোগে মামলার তদন্ত কর্মকর্তা পুলিশের উপ-পরিদর্শক মো. মাসুদুর রহমানকে সাময়িক বরখাস্তের নির্দেশ দেন হাইকোর্ট। মানিকগঞ্জের পুলিশ সুপারকে এই আদেশ বাস্তবায়ন করতে নির্দেশ দেওয়া হয়। বিচারপতি মো. বদরুজ্জামান ও বিচারপতি এসএম মাসুদ হোসেন দোলনের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।
এদিকে তিন প্রশ্নকে সামনে রেখে পিবিআইকে মামলাটি তদন্তের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। প্রথমত, বাদী বলেছেন তিনি মামলা করেননি। সাদা কাগজে তার সাক্ষর নেওয়া হয়েছে। দ্বিতীয়ত, দ্রুত তদন্ত সম্পন্ন করে অভিযোগপত্র দিতে গিয়ে কোনো অনিয়মের আশ্রয় নেওয়া হয়েছে কিনা? তৃতীয়ত, এই মামলার তদন্তে তৃতীয় পক্ষ তদন্ত কর্মকর্তাকে ব্যবহার করেছে কিনা সেটা খুঁজে বের করা।
গত বছরের ২৩ সেপ্টেম্বর দিবাগত রাতে মানিকগঞ্জ সদরের কৈতরা গ্রামের একটি হ্যাচারিতে খুন হন মো. রুবেল (২২)। পরদিন নিহতের স্ত্রী বাদী হয়ে সোহেল নামের একজনকে আসামি করে হত্যা মামলা করেন। তাকে গ্রেপ্তার করে পুলিশ। তিনি এখন কারাগারে।
