১৪ মামলার আসামিকে তুলে নিয়ে হত্যার অভিযোগ

আপডেট : ০৬ এপ্রিল ২০২৩, ২১:২৬

নারায়ণগঞ্জের ফতুল্লায় আধিপত্য বিস্তার ও পূর্বশত্রুতার জেরে রাস্তা থেকে তুলে নিয়ে আফজাল হোসেন (৪০) নামে এক যুবককে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার (৬ এপ্রিল) সকাল ৯টার দিকে ফতুল্লার দেওভোগ হাসেমবাগ এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত আফজাল ফতুল্লার পশ্চিম দেওভোগের বাংলা বাজার এলাকার এবাদুলের ছেলে। 

জানা যায়, দীর্ঘদিন ধরে দেওভোগ বাঁশমুলির রাজু প্রধান বাহিনীর সঙ্গে আফজালের এলাকায়্  আধিপত্য বিস্তার নিয়ে বিরোধ চলছিল। কয়েকদিন আগে একটি মামলায় জামিনে বের হয়ে আসে আফজাল। বৃহস্পতিবার সকাল ৯টায় দিকে আফজাল বাসা থেকে বের হয়ে তার কর্মস্থলে যাওয়ার পথে রাজু ও তার সহযোগী রাসেল, রাশেদসহ ১০-১৫ জন দেওভোগ হাশেমবাগ এলাকা থেকে তুলে নিয়ে গিয়ে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করে। এ সময় তারা আফজালকে মৃত মনে করে রাস্তায় ফেলে চলে যায়। পরে স্থানীয়রা আফজালকে উদ্ধার করে নারায়ণগঞ্জ জেনারেল (ডিক্টোরিয়া) হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

ফতুল্লা মডেল থানার ইনচার্জ (ওসি) শেখ রিজাউল হক দিপু জানায়, নিহত আফজালের বিরুদ্ধে হত্যা, চুরি, ছিনতাইসহ শুধু ফতুল্লা মডেল থানায় ১৪টি মামলা রয়েছে। তার বিরুদ্ধে নানা সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগ রয়েছে। আফজাল বাঁশমুলির অপর সন্ত্রাসী রাসেলের ভাই রাশেদকে কুপিয়ে জখম করে। সুস্থ হয়ে বৃহস্পতিবার সকালে রাসেল তার ভাই রাশেদসহ বেশ কয়েকজন আফজালকে রাস্তা থেকে ধরে নিয়ে যায়। পরে আফজালকে আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে সেখানে সে মারা যায়। হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের আইনের আওতায় আনতে পুলিশের একাধিক টিম কাজ করছে।

ইত্তেফাক/এবি/পিও