বাংলাদেশ সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির ইফতার অনুষ্ঠানে আওয়ামী লীগ ও বিএনপিপন্থী আইনজীবীদের মধ্যে ভাঙচুর ও হাতাহাতির ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (৬ এপ্রিল) বিকাল ৪ টার দিকে এ ঘটনা ঘটে।
সমিতির হল রুমে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির নতুন কমিটি ইফতারের আয়োজন করলে একইস্থানে আরেকটি ইফতার মাহফিলের আয়োজন করেন বিএনপিপন্থী এডহক কমিটির নেতারা। এ সময় বিএনপিপন্থী ও আওয়ামীপন্থী আইনজীবীদের মধ্যে হাতাহাতি, ভাঙচুর এবং ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে।
পরে উভয়পক্ষের আইনজীবীরা বিক্ষোভ মিছিল ও একে অপরের বিরুদ্ধে স্লোগান দিলে প্রায় আধাঘণ্টা সেখানে উত্তপ্ত পরিস্থিতি চলে।
ঘটনার বিষয়ে সমিতির অন্তর্বর্তীকালীন কমিটির (অ্যাডহক কমিটি) আহ্বায়ক মহসিন রশিদ গণমাধ্যমকে বলেন, ‘সুপ্রিম কোর্ট বারে যেটা হয়েছে, এটা নিন্দনীয়। এটা ঘটনা ঘটা উচিত হয়নি। আইনজীবীদের মধ্যে এটা হওয়া উচিত নয়। আমরা অ্যাডহক কমিটি কারও পক্ষে নই।’
আওয়ামী লীগপন্থী আইনজীবী ও সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক মো. আবদুন নুর দুলাল তার কার্যালয়ে সাংবাদিকদের বলেন, ‘এডহক কমিটির নামে বিএনপি-জামায়াতে ইসলামীর সমর্থনপুষ্ট আইনজীবীরা এ হামলা চালিয়েছে।’
