ঈদ যাত্রা

অনলাইনে শতভাগ ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি আজ শুরু

আপডেট : ০৭ এপ্রিল ২০২৩, ০৯:৩১

আসন্ন পবিত্র ঈদুল ফিতরের ঈদযাত্রায়  রেলের অগ্রিম টিকিট  বিক্রি আজ শুক্রবার থেকে শুরু হবে। আজ ৭ এপ্রিল বিক্রি শুরু হবে ১৭ এপ্রিলের, ৮ এপ্রিল ১৮ এপ্রিলের, ৯ এপ্রিল ১৯ এপ্রিলের,  ১০ এপ্রিল ২০ এপ্রিলের এবং ১১ এপ্রিল বিক্রি হবে ২১ এপ্রিলের ঈদযাত্রার টিকিট। গতকাল বৃহস্পতিবার রেলপথ মন্ত্রণালয়ের উপপ্রধান তথ্য অফিসার মো. শরিফুল আলমের সই করা এক প্রেস বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়েছে।

রেল মন্ত্রণালয় জানিয়েছে, ঈদের ফেরত যাত্রার টিকিট বিক্রি করা হবে ১৫ এপ্রিল থেকে। ১৫ এপ্রিল বিক্রি হবে ২৫ এপ্রিলের, ১৬ এপ্রিল ২৬ এপ্রিলের, ১৭ এপ্রিল, ২৭ এপ্রিলের, ১৮ এপ্রিল ২৮ এপ্রিলের, ১৯ এপ্রিল ২৯ এপ্রিলের এবং ২০ এপ্রিল বিক্রয় হবে ৩০ এপ্রিলের ফেরত যাত্রার টিকিট।

মন্ত্রণালয় জানায়, আসন্ন পবিত্র ঈদুল ফিতরের আন্তঃনগর  ট্রেনের অগ্রিম টিকিট (১৭-৩০ এপ্রিল পর্যন্ত) শতভাগ শুধু অনলাইন /মোবাইল অ্যাপের মাধ্যমে ক্রয় করা যাবে। টিকিট ক্রয়ের জন্য রেলওয়ে টিকিটিং ওয়েব পোর্টাল, রেলসেবা  অ্যাপ বা যে কোনো মোবাইল থেকে এসএমএস করার মাধ্যমে এনআইডি/পাসপোর্ট/জন্মনিবন্ধন যাচাইপূর্বক রেজিস্ট্রেশন করতে হবে।

ঈদে বিমানবন্দর স্টেশনে থামবে না সাত ট্রেন

ঈদযাত্রা শুরুর দিন ১৭ এপ্রিল  থেকে ঈদের আগের দিন পর্যন্ত ঢাকাগামী একতা, দ্রুতযান, পঞ্চগড়, নীলসাগর, কুড়িগ্রাম, লালমনি ও রংপুর এক্সপ্রেস ট্রেনের ঢাকা বিমানবন্দর স্টেশনে যাত্রা বিরতি থাকবে না বলে জানিয়েছে রেলপথ মন্ত্রণালয়। গতকাল বৃহস্পতিবার রেলপথ মন্ত্রণালয়ের উপপ্রধান তথ্য অফিসার মো. শরিফুল আলমের সই করা এক প্রেস বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়েছে।

অন্য দিকে ঈদের সময় ভারতগামী মৈত্রী এক্সপ্রেস ও মিতালী এক্সপ্রেস চলাচল করবে না।

ইত্তেফাক/এমএএম