মন্ত্রী-সচিবের স্বাক্ষর ও সিল জাল, গ্রেপ্তার ১

আপডেট : ০৭ এপ্রিল ২০২৩, ০৯:৩৫

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও প্রধানমন্ত্রীর মুখ্য সচিব তোফাজ্জল হোসেন মিয়ার স্বাক্ষর ও সিল জালের অভিযোগে পঞ্চগড় থানায় দুটি মামলা হয়েছে। এঘটনায় স্বাক্ষর ও সিল জাল চক্রের এক সদস্যকে গ্রেপ্তার করে আইন-শৃঙ্খলা বাহিনী।

গ্রেপ্তার মো. মোজাম্মেল হক (৪৮) পঞ্চগড়ের হাফিজাবাদ ইউনিয়নের পানিমাছপুকুরি গ্রামের মৃত ফয়জুল হকের ছেলে এবং পেশায় নরসুন্দর (নাপিত)।

বৃহস্পতিবার (৬ এপ্রিল) রাতে নিজ কার্যালয়ে প্রেস ব্রিফিংয়ে পঞ্চগড় পুলিশ সুপার এস এম সিরাজুল হুদা জানান, জমিজমা সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে মোজাম্মেল হক প্রধানমন্ত্রীর কার্যালয় এবং স্বরাষ্ট্রমন্ত্রীর কার্যালয়ে বাড়িঘরে অগ্নিসংযোগসহ হাঁস মুরগী ছাগল পোড়ানোর বিচারপ্রার্থী হিসেবে আসামিদের বিরুদ্ধে শাস্তির জন্য আবেদন জানায়। ওই আবেদনগুলোর স্বপক্ষে ব্যবস্থা নেওয়ার জন্য প্রধানমন্ত্রীর মুখ্য সচিব তোফাজ্জল হোসেন মিয়া এবং স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের স্বাক্ষর ও সিল জাল করে পঞ্চগড় পুলিশ সুপার এবং জেলা প্রশাসককে ব্যবস্থা নেওয়ার নির্দেশনা দেওয়া হয়। পরে দরখাস্তগুলোতে সিল সই দেখে সন্দেহ হলে পুলিশ সুপার ও পঞ্চগড় জেলা প্রশাসক প্রধানমন্ত্রীর কার্যালয় এবং স্বরাষ্ট্রমন্ত্রণালয়ে খোঁজ নেন। খোঁজ নিয়ে তারা জানতে পারেন মোজাম্মেল হকের দরখাস্তের স্বাক্ষর ও সিল জাল এবং ওই দুই কার্যালয় থেকে কোনো নির্দেশনা দেওয়া হয়নি। পরে তাৎক্ষনিক মোজাম্মেল হকের বিরুদ্ধে পুলিশ বাদী হয়ে পঞ্চগড় সদর থানায় দুটি মামলা আনয়ন করেন।

গ্রেপ্তার মো. মোজাম্মেল হক

তিনি জানান, মামলার পর পরই মো. মোজাম্মেল হক নামে স্বাক্ষর ও সিল জাল চক্রের এক সদস্যকে পঞ্চগড় পৌরসভার জালাসি এলাকা থেকে গ্রেপ্তার করে পুলিশ। শুক্রবার তাকে আদালতে হাজির করে রিমান্ড চাওয়া হবে।

সেই সঙ্গে তদন্তের মাধ্যমে স্বাক্ষর জালকারী প্রতারক চক্রের অন্য সদস্যদের আইনের আওতায় আনা হবে বলে জানান পুলিশ সুপার।

পঞ্চগড় সদর থানার ওসি আব্দুল লতিফ মিয়া জানান, পঞ্চগড় থানার এসআই রাশিদুল ইসলাম বাদী হয়ে ৫ এপ্র্রিল জালিয়াতি ও প্রতারণার অভিযোগ এনে মোজাম্মেল হককে আসামি করে এবং একই তারিখে পঞ্চগড় থানার এসআই মাসুদ রানা বাদী হয়ে মোজাম্মেল হকসহ অজ্ঞাতনামা আসামি করে একটি মামলা দায়ের করেন। 

ইত্তেফাক/আরএজে