লক্ষ্মীপুর সদর উপজেলার চন্দ্রগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুরুল আমিনের বিরুদ্ধে মো. সেলিম নামে এক ব্যবসায়ী চাঁদার জন্য হত্যাচেষ্টার অভিযোগ করেছেন। মামলায় বলা হয় ১০ দিনের মধ্যে দুই লাখ টাকা চাঁদা না দিলে ওই ব্যবসায়ীকে হত্যার হুমকি দেওয়া হয়েছে। বৃহস্পতিবার (৬ এপ্রিল) মো. সেলিম বাদী হয়ে ইউপি চেয়ারম্যানসহ ২৩ জনের বিরুদ্ধে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে এ মামলা করেন। শুক্রবার সকালে বাদীর আইনজীবী ইফতেখার ফয়সাল মামলার বিষয়টি নিশ্চিত করেন।
অন্যান্য অভিযুক্তরা হলেন মোরশেদ আলম, আনোয়ার হোসেন বাবু, সাইফুল পাটওয়ারী, আমিরুল ইসলাম মিরন, শিপন খলিফা, এম সজিব, রিয়াজ হোসেন, কাজী আল-আমিন, ইসমাইল হোসেন, তাজু ভূঁইয়া, রাকিব হোসেন, আরাফাত হোসেন রিফাত, মো. জয়, মো. রিমন, মো. পিয়াস, মো. সৈকত, মো. শাওনসহ অজ্ঞাত আরও ৫ জন। অভিযুক্তরা ইউপি চেয়ারম্যান নুরুল আমিনের অনুসারী বলে মামলায় উল্লেখ করা হয়েছে।
মামলার বাদী সেলিম মো. সেলিম উপজেলার দেওপাড়া গ্রামের আমির হোসেনের ছেলে ও অটোরিকশা ব্যবসায়ী।
জানা যায়, সম্প্রতি অভিযুক্তরা চন্দ্রগঞ্জ বাজারে সেলিমের ব্যবসাপ্রতিষ্ঠানে এসে ২ লাখ টাকা চাঁদা দাবি করেন। এ ঘটনায় বিচারের জন্য গেলে সেলিমকে ধমক দিয়ে অভিযুক্তদের দাবি করা টাকা দিতে বলেন চেয়ারম্যান নুরুল আমিন। পরে ঘটনাটি স্থানীয় গণ্যমান্যদের জানালে অভিযুক্তরা সেলিমের ওপর আরও ক্ষিপ্ত হয়ে ওঠে।
গত ৫ এপ্রিল দুপুরে চন্দ্রগঞ্জ বাজারের যাত্রী ছাউনিতে নুরুল আমিনসহ অভিযুক্তরা সেলিমের পথরোধ করেন। এ সময় তাদের দাবি করা দুই লাখ টাকা দিতে অস্বীকৃতি জানালে সেলিমকে পিটিয়ে আহত করা হয়। একপর্যায়ে তাকে হত্যা চেষ্টা করে অভিযুক্তরা। স্থানীয়রা এগিয়ে আসলে তার সঙ্গে থাকা ৫ হাজার টাকা ও মোবাইলফোন ছিনিয়ে নিয়ে যায় এবং ১০ দিনের মধ্যে চাঁদার টাকা না দিলে ও ঘটনাটি নিয়ে বাড়াবাড়ি করলে হত্যার হুমকি দেয়।
বাদীর আইনজীবী ইফতেখার ফয়সাল বলেন, মামলাটি আদালত আমলে নিয়েছেন। ঘটনাটি তদন্ত করে আদালতে প্রতিবেদন জমা দেওয়ার জন্য জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) ওসিকে নির্দেশ দিয়েছেন বিচারক।
অভিযুক্ত ইউপি চেয়ারম্যান নুরুল আমিন বলেন, একটি চক্র হয়রানির উদ্দেশে সেলিমকে দিয়ে মিথ্যা অভিযোগ করেছে।
লক্ষ্মীপুর জেলা ডিবি পুলিশের ওসি সাহাদাত হোসেন টিটো বলেন, ঢাকায় ছিলাম। আদালতের নির্দেশনার কপি অফিসে এসেছে কি না জানা নেই। নির্দেশনার কপি হাতে পেলে তদন্ত করে আদালতে প্রতিবেদন জমা দেওয়া হবে।
