ইফতারের নামে নামীদামী হোটেলে বসে বিএনপি ষড়যন্ত্র করে: নাছিম

আপডেট : ০৭ এপ্রিল ২০২৩, ২৩:২৮

আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম বলেছেন, বিএনপি ইফতার মাহফিলের নামে নামীদামী হোটেলে বসে দেশি-বিদেশিদের নিয়ে দেশের মানুষের ভাগ্য নিয়ে ষড়যন্ত্র করে। 

শুক্রবার (৭ এপ্রিল) মাদারীপুর পৌর মুক্তিযোদ্ধা অডিটোরিয়ামে ইফতারসামগ্রী বিতরণকালে তিনি এ কথা বলেন। 

তিনি বলেন, দেশের মানুষ শান্তিতে বসবাস করতে চায়। জনগণ চায় দেশের গণতন্ত্র ও সাংবিধানিক অধিকার অক্ষুণ্ণ থাকুক। যারা এ দেশের পবিত্র সংবিধানকে পদদলিত করার অপচেষ্টা চালাবে, এদেশের জনগণকে সঙ্গে নিয়ে ঐক্যবদ্ধ হয়ে শেখ হাসিনার নেতৃত্বে তাদের প্রতিহত করা হবে।

নাছিম বলেন, শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ বিশ্বের মধ্যে উন্নয়নশীল রাষ্ট্র হিসেবে এগিয়ে চলছে। বাংলাদেশের প্রতিটি গ্রাম এখন শহরে রূপান্তরিত হয়েছে।

এ সময় মাদারীপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাজল কৃষ্ণ দে, কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম সাধারণ সম্পাদক খায়রুল হাসান জুয়েল, জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মিরাজ হোসেন খান, মাদারীপুর পৌরসভার মেয়ার খালিদ হোসেন ইয়াদসহ নেতারা উপস্থিত ছিলেন।

ইত্তেফাক/এমএএম