রাজধানীর হাতিরঝিল লেকে প্যাডেল বোট থেকে পড়ে এবাদত হোসেন (৪৭) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। শুক্রবার (৭ এপ্রিল) সন্ধ্যা ৭টার দিকে মেরুল বাড্ডা হাতিরঝিলের পানিতে প্যাডেল নৌকা থেকে পানিতে পড়ে ডুবে যান তিনি। পরে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক রাত সোয়া ৯টার দিকে মৃত ঘোষণা করেন। হাতিরঝিল থানার পরিদর্শক (তদন্ত) আব্দুল কুদ্দুস এ তথ্য নিশ্চিত করেছেন।
এবাদত হোসেনের স্ত্রীর বড় ভাই আতিয়ার হোসেন জানান, তিনি একটি বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরত ছিলেন। অফিসের একটি অনুষ্ঠান ছিল মেরুল বাড্ডায়। পরে সেখান থেকে তারা কয়েকজন হাতিরঝিলে ঘুরতে আসেন। তারা কয়েকজন প্যাডেল বোট নিয়ে হাতিরঝিল লেকে যান। ওই প্যাডেল বোট থেকে অসাবধানতাবশত পা পিছলে পানিতে পড়ে যান। পরে ফায়ার সার্ভিসের সদস্যরা তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
আতিয়ার হোসেন জানান, তিনি মিরপুরের দক্ষিণ পীরেরবাগ এলাকায় থাকতেন। তার বাড়ি চাঁপাইনবাবগঞ্জ সদরের সরদারপাড়া গ্রামে। তিনি ওই এলাকার মো. ইলিয়াস উদ্দিনের ছেলে।
হাতিরঝিল থানার পরিদর্শক (অপারেশন) আব্দুল কুদ্দুস জানান, ইবাদত হোসেন নামে এক ব্যক্তি অফিস কলিগদের নিয়ে হাতিরঝিলে প্যাডেল বোটে ওঠেন। অসাবধানতাবশত তিনি প্যাডেল বোট থেকে পড়ে পানিতে ডুবে যান। পরে ফায়ার সার্ভিস এসে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। আমরা তার সুরতহাল প্রতিবেদন তৈরি করছি। লাশটি হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে।
