মারধরের পর সাংবাদিককে দোতলা থেকে ফেলে দেওয়ার অভিযোগ

আপডেট : ০৮ এপ্রিল ২০২৩, ০৯:০৬

‘পাহাড়ে মাটি কাটার খবর প্রকাশের জেরে’ মারধরের পর ভবনের দোতলা থেকে নিচে ফেলে আহত করার অভিযোগ করেছেন চট্টগ্রামের চন্দনাইশের এক সাংবাদিক।

আইয়ুব মিয়াজী (৩৪) নামের ওই সাংবাদিক বর্তমানে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। তিনি দোহাজারী পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের জামিজুড়ি গ্রামের বাসিন্দা। এছাড়া তিনি দৈনিক জনবাণী পত্রিকার চন্দনাইশ প্রতিনিধি। 

চট্টগ্রামের চন্দনাইশের দোহাজারীতে নিজ ব্যবসা প্রতিষ্ঠান মঙ্গলবার (৪ এপ্রিল)বিকেল ৪টার দিকে তার ওপর এই নির্যাতনের ঘটনা ঘটে। 

আহতের পরিবারের অভিযোগ, স্থানীয় বালু ও মাটি ব্যবসায়ী এবং পাহাড় খেকো মো. আলাউদ্দিন ও মোহাম্মদ ফারুক তাকে কয়েকদিন আগে হুমকি দেন। এরপরই এই মারধর ও দোতলা থেকে ফেলে দেওয়ার ঘটনা ঘটে।

হামলার পর জীবনের নিরাপত্তা নিয়ে শঙ্কিত বলে জানান আইয়ুব। তিনি বলেন, হামলাকারীরা আমাকে মেরে ফেলার হুমকি দিচ্ছেন। আমার ভাইকেও হামলার হুমকি দিচ্ছেন।

চন্দনাইশ থানার ওসি আনোয়ার হোসেন বলেন, আইয়ুবের বাবা আবদুস শুক্কুর দুজনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা  আট জনকে আসামি করে মামলা করেছেন। মামলার তদন্ত চলছে।

তবে শেষ খবর পাওয়া পর্যন্ত পুলিশ ঘটনার সঙ্গে জড়িত একজনকে আটকের কথা জানিয়েছে।  

স্থানীয় জানায়, চট্টগ্রাম কক্সবাজার সড়কের দোহাজারী রেলস্টেশন রোডের আরকে প্লাজায় সাংবাদিক মিয়াজির একটি কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্র রয়েছে। মঙ্গলবার বিকেল আনুমানিক ৪টা নাগাদ আলাউদ্দিন, ফারুকসহ ১০ থেকে ১২ জন ব্যক্তি দেশীয় অস্ত্র নিয়ে প্রবেশ করেন। তাদের সঙ্গে একজন নারীও ছিলেন। হামলাকারীরা নিজেদের আড়াল করতে সাংবাদিক মিয়াজি ওই নারীর সঙ্গে খারাপ ব্যবহার করেছেন বলে তাকে বেধড়ক পিটাতে থাকেন। একপর্যায়ে তাকে দোতলা থেকে ফেলে দেওয়া হয়।

ইত্তেফাক/আরএজে