২০২২ কাতার বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে টাইব্রেকারে কপাল পুড়েছিল ব্রাজিলের। টাইব্রেকারে ক্রোয়েশিয়ার কাছে হেরে বিশ্বকাপ জয়ের স্বপ্ন চুরমার হয়েছিল নেইমারদের। এবার আরও একবার সেই টাইব্রেকারে কপাল পুড়ল ব্রাজিলের। তবে পুরুষ দল নয়, এবার টাইব্রেকার নাটকে স্বপ্ন গুঁড়িয়ে গেল ব্রাজিল নারী ফুটবল দলের। মেয়েদের হারটা আবার ‘ফিনালিসিমা’র ফাইনালে। টাইব্রেকারে ব্রাজিলকে ৪-২ ব্যবধানে হারিয়ে ‘ফিনালিসিময়া’র শিরোপা জিতে নিয়েছে ইংল্যান্ডের মেয়েরা। নির্ধারিত সময়ের খেলা ১-১ গোলে ড্র থাকায় খেলা গড়ায় টাইব্রেকারে।
গত বছর পুরুষদের ‘ফিনালিসিমা’য় ইতালিকে ৩-০ গোলে হারিয়ে শিরোপা জিতেছিল আর্জেন্টিনা। সেই শিরোপার হাত ধরে লিওনেল মেসিরা পরে জিতে নেন বিশ্বকাপের শিরোপাও। আগামী জুলাই-আগস্টেই কিন্তু মেয়েদের ফুটবল বিশ্বকাপ। বিশ্বকাপের শিরোপা জিততে পারুক না পারুক, ‘ফিনালিসিমা’ জিতে বিশ্বকাপ প্রস্তুতিটা পর্বটা ভালোভাবেই শুরু করল ইংল্যান্ড।
পরশু রাতে ইংল্যান্ডের বিশ্বখ্যাত ওয়েম্বলি স্টেডিয়ামের ফাইনালে স্বাগতিক ইংল্যান্ডই এগিয়ে যায় প্রথমে। ৮৩ হাজার ৩২ জন দর্শকদের উপস্থিতিতে ম্যাচের ২৩ মিনিটে ইংল্যান্ডকে এগিয়ে দেন এলা টুনি। ব্রাজিল শত চেষ্টা করেও সেই গোল শোধ দিতে পারছিল না। অবশেষে নির্ধারিত সময়ের পর ইনজুরি সময়ের শেষ মুহূর্তে ব্রাজিলকে সমতায় ফেরান বদলি হিসেবে নামা আন্দ্রেসা আলভেজ। ১-১ অবস্থায় শেষ হয় নির্ধারিত সময়ের খেলা। অতিরিক্ত ৩০ মিনিটের খেলা না থাকায় ম্যাচ গড়ায় টাইব্রেকারে।
