জনপ্রিয় অভিনেত্রী অরুণা বিশ্বাস চলচ্চিত্র শিল্পী সমিতির সহ-সাধারণ সম্পাদক সাইমন সাদিক ও দফতর ও প্রচার সম্পাদক আরমানের বিরুদ্ধে অভিযেগ তুলেছেন। কুরুচিপূর্ণ মন্তব্য ও তাকে অসম্মান করে কথা বলার অভিযোগ এনে শিল্পী সমিতিতে লিখিত অভিযোগ করেছেন এ অভিনেত্রী। শুক্রবার শিল্পী সমিতিতে এ অভিযোগ করেন অরুণা বিশ্বাস।
অভিযোগপত্রে অরুণা বিশ্বাস উল্লেখ করেন, ‘আমি গত ২/৩/২৩ রোববার বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির কার্যনির্বাহী পরিষদের সভায় উপস্থিত হই। সভা শেষ হওয়ার প্রাক্কালে সমিতির দফতর ও প্রচার সম্পাদক আরমান আমার শরীর নিয়ে কুরুচিপূর্ণ ও অসম্মানজনক মন্তব্য করে। একজন সিনিয়র শিল্পী হিসেবে আমি অপমানিত ও অসম্মানিত বোধ করছি। একজন দফতর ও প্রচার সম্পাদকের নিকট এইরূপ ব্যবহার আশা করি না। আরমান যা করেছেন তা ইভটিজিংয়ের শামিল।’
অভিযোগপত্রে আরও উল্লেখ করেন, ‘আমি যখন মিটিংয়ে প্রবেশ করি তখন সাইমন সাদিক, সহ-সাধারণ সম্পাদক আমাকে অসম্মান/অপমানজনক মন্তব্য করে, যা একজন সিনিয়র শিল্পী হিসেবে জুনিয়র শিল্পীর নিকট থেকে কাম্য নয়। এমন যদি পরিস্থিতি তৈরি তাহলে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির কার্যনির্বাহী পরিষদের সভায় উপস্থিত হওয়াই অসম্ভব হয়ে পরবে এবং সিনিয়র শিল্পীরা সভায় সমিতিতে প্রবেশ করতে বিব্রতবোধ করবে।’
অভিযোগের বিষয়ে ইত্তেফাক অনলাইনকে সাইমন সাদিক বলেন, ‘দিদি আমার কাছে সব সময়ই সন্মানের ও শ্রদ্ধার। আজ সকালেও তার সঙ্গে হলো। আমি ওনাকে বললাম, আপনি তো আমার কাছে সন্মনের। আমি তো কখনোই আপনাকে অসন্মান করে কথা বলিনি। যদি কোনো কারণে আপনি আমার উপর রাগ থাকে তাহলে আমি দুঃখিত।’
গত ২ এপ্রিল এফডিসিতে চলচ্চিত্র শিল্পী সমিতির কার্যনির্বাহী পরিষদের সভা অনুষ্ঠিত হয়। সভা শেষে সাইমন জানান চিত্রনায়ক জায়েদ খানের সদস্যপদ প্রাথমিকভাবে স্থগিত করা হয়েছে। তবে সে সময় সাংবাদিকদের প্রশ্নবাণে জর্জরিত হয়ে অসংলগ্ন উত্তর দিতে থাকেন। অরুণার অভিযোগ অনুযায়ী, ওই দিনই তার সঙ্গে অপ্রীতিকর ঘটোনা ঘটেছে।

বিয়ে করে যন্ত্রণায় নিলয়-মাহি!