ভোট নিয়ে কুরুচিপূর্ণ অডিও ভাইরাল হওয়ায় সাবেক পানি সম্পদ প্রতিমন্ত্রী ও কলাপাড়া উপজেলা আওয়ামীলীগের সভাপতি মাহবুব তালুকদারকে দল থেকে বহিস্কারের দাবিতে মানববন্ধন হয়েছে। রোববার (৯ এপ্রিল) বেলা এগারোটায় কুয়াকাটা প্রেসক্লাবের সামনে আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা এ মানববন্ধন করে।
এসময় উপস্থিত থেকে বক্তব্য দেন কুয়াকাটা পৌর মেয়র আনোয়ার হাওলাদার, পৌর আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক অনন্ত মুখার্জী, পৌর আওয়ামীলীগের সহ-সভাপতি ও পৌর কাউন্সিলর তৈয়বুর রহমান, সাংগঠনিক সম্পাদক শাহ আলম হাওলাদার, স্বেচ্ছাসেবক লীগ নেতা জামাল হোসেন হাওলাদার, মহিবুল্লাহ পাটোয়ারী, ছাত্রলীগ নেতা সোয়াইব খান, জাহিদ খান, রাইসুল ইসলাম শিবলু, বাইজিত প্রমুখ।
এসময় বক্তারা অবিলম্বে সাবেক প্রতিমন্ত্রী ও কলাপাড়া উপজেলা আওয়ামীলীগের সভাপতি মাহবুবুর রহমান তালুকদার কে দল থেকে বহিস্কারের দাবি জানান।
এছাড়া একই দাবিতে গতকাল মানববন্ধন করেছে কলাপাড়া উপজেলা আওয়ামীলীগ, মহিপুর থানা আওয়ামীলীগ ধুলাসার ইউনিয়ন আওয়ামীলীগ, ডালবুগঞ্জ ইউনিয়ন আওয়ামীলীগ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
এর আগে ‘আওয়ামীলীগ করতে হলে আমার কাছ থেকে সার্টিফিকেট নিতে হবে’, ‘গত নির্বাচনে রাতে ভোট অইয়া গেছে’ এবং বর্তমান এমপি মহিব্বুর রহমানকে নিয়ে মাহবুব তালুকদারের বেফাঁস মন্তব্যের একটি অডিও ক্লিপ সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হলে ফুঁসে ওঠেন নেতাকর্মীরা।
