আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে ঘরমুখো মানুষ যেন নির্বিঘ্নে যাতায়াত করতে পারে ও যাত্রী হয়রানি বন্ধ, বিশেষ করে সিলেটের পর্যটন স্পট ভোলাগঞ্জ, জাফলং, বিছনাকান্দিসহ বিভিন্ন পর্যটন স্পটে পর্যটকরা যেন নির্বিঘ্নে ভ্রমণ করতে পারে এ বিষয়ে সিলেটের জেলা প্রশাসন সংশ্লিষ্টদের সতর্ক ও কার্যকর পদক্ষেপ নিতে নির্দেশনা দিয়েছে।
রোববার (৯ এপ্রিল) জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মজিবর রহমানের সভাপতিত্বে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত জেলা আইন-শৃঙ্খলা কমিটির সভায় এ নির্দেশনা দেওয়া হয়।
অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেটের পরিচালনায় সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন পুলিশ সুপার, সিলেট, অধিনায়ক ১৯, অধিনায়ক, ৪৮ বিজিবি, সিলেট, উপপুলিশ কমিশনার (উত্তর), এসএমপি, সিলেট, উপজেলা পরিষদ চেয়ারম্যানরা, উপজেলা নির্বাহী অফিসাররা, জেলার অন্যান্য দপ্তরের কর্মকর্তারা এবং কমিটির অন্যান্য সদস্য।
সভায় সীমান্তে মাদক ও চোরাচালান প্রতিরোধে উপজেলা নির্বাহী অফিসারদের নিয়মিত টাস্কফোর্স অভিযান পরিচালনার জন্য অনুরোধ করা হয়। ট্যুরিষটদের নিরাপত্তা বিষয়ে হাইওয়ে পুলিশ, ট্রাফিক পুলিশ, আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও ট্যুরিস্ট পুলিশকে নজরদারি বৃদ্ধি করতে বলা হয়েছে।
জেলা পুলিশ, সিলেটের অপরাধ পর্যালোচনায় পুলিশ সুপার উল্লেখ করেন, বিগত মার্চ ২০২৩ মাসে সিলেট জেলায় ১৯৮টি মামলা হয়েছে। এর মধ্যে বিভিন্ন ধরনের চুরির মামলা হয়েছে ১৭টি, খুন ৩টি, মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৩৮টি এবং অন্যান্য অপরাধে ১০৬টি মামলা হয়।
সিলেট মহানগরীর অপরাধ পর্যালোচনায় উপপুলিশ কমিশনার (উত্তর) সিলেট সভাকে অবহিত করেন, সিলেট মহানগরীতে মার্চ ২০২৩ মাসে ১৮১টি মামলা হয়েছে। এর মধ্যে বিভিন্ন ধরনের চুরির মামলা হয়েছে ২৬টি, খুন ২টি, মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৪২টি এবং অন্যান্য অপরাধে ৬২টি মামলা হয়েছে।
অধিনায়ক, ১৯ বিজিবি, সিলেট সভাকে বলেন যে, গতমাসে ১২৬টি অভিযান পরিচালনা করে আনুমানিক ২ কোটি ৮৩ লক্ষ ৫৭ হাজার ৫০০ টাকার অবৈধ মালামাল আটক করা হয়। অধিনায়ক, ৫২ বিজিবি, সিলেট সভাকে জানান যে, গত মাসে ৯৩০টি চোরাচালান ও মাদকবিরোধী অভিযান পরিচালনা করে ২ লক্ষ ৬ হাজার, ৩ শত টাকার অবৈধ পণ্য আটক করা হয়। সভার শুরুতে জেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আলোচনা করা হয়।
সভায় জেলা প্রশাসক জানান, পবিত্র রমজান মাসে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে মোবাইল কোর্টসহ নিয়মিত বাজার মনিটরিং অব্যাহত রয়েছে। তিনি আরও জানান, জেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।
