ঝিনাইদহ জেলার কালীগঞ্জে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তাদের হাতে এক সাংবাদিক লাঞ্ছিত হওয়ার হওয়ার অভিযোগ পাওয়া গেছে। তাদের মাদক উদ্ধার অভিযানে খবর সংগ্রহের জন্য উপস্থিত হওয়ায় সাংবাদিকের মোবাইল কেড়ে নিয়ে শারিরীকভাবে লাঞ্ছিত করার ঘটনা ঘটেছে। সোমবার (১০ এপ্রিল) দুপুরে কালীগঞ্জ উপজেলার কাদিপুর গ্রামে এ ঘটনা ঘটে।
ভুক্তভোগী গাজী টিভির জেলা প্রতিনিধি ওলিয়ার রহমান জানান, সোমবার দুপুরে কাদিপুর গ্রামে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর অভিযান চালাচ্ছে, এমন খবর পেয়ে সেখানে সংবাদ সংগ্রহ করতে যান। সেখানে পৌঁছে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তাদের কাছে নিজের পরিচয় দেন। তার পরিচয় পাওয়ার পরই ক্ষেপে যান তারা। তারা তার মোবাইল কেড়ে নিয়ে তাকে ধাক্কা দিয়ে বাইরে বের করে দেন। তাকে শারিরীকভাবে লাঞ্ছিত করে।
অভিযানে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক বিশ্বাস মফিদুল ইসলাম, উপ-পরিদর্শক আলতাফ হোসেন, সহকারী উপ-পরিদর্শক পাপিয়া সুলতানা, সিপাই শ্যামল, কামরুলসহ কয়েকজন অংশ নেয়। তবে সেখান থেকে কোনো মাদক উদ্ধার বা কাউকে আটক করতে পারেনি তারা।
সাংবাদিক ওলিয়ার রহমানকে লাঞ্ছিত করার ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছেন ঝিনাইদহ প্রেসক্লাবের সভাপতি এম রায়হান, সাধারণ সম্পাদক মাহমুদ হাসান টিপুসহ জেলায় কর্মরত সাংবাদিকরা। তারা এ ঘটনার প্রতিবাদ জানিয়ে হামলাকারী কর্মকর্তাদের শাস্তির দাবি জানান।
জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক গোলক মজুমদার বলেন, জিটিভির সাংবাদিকের সঙ্গে একটু ভুল বোঝাবুঝি হয়েছিল। পরে সেটা ঠিক হয়ে গেছে।
