ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) মেয়র মো. আতিকুল ইসলাম বলেছেন, ‘ফ্লাইওভারের পিলারে দৃষ্টিনন্দন গ্রাফিতি আর্ট যত্রতত্র পোস্টারিং বন্ধে জনগণের মাঝে সচেতনতা সৃষ্টি করবে।’
সোমবার (১০ এপ্রিল) দুপুরে মগবাজার ফ্লাইওভারের পিলারে দৃষ্টিনন্দন গ্রাফিতি আর্ট কার্যক্রমের উদ্বোধন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
ডিএনসিসি মেয়র বলেন, ‘এই দেশটা আমাদের, শহরটা আমাদের, বাইরের কারও নয়। অনেক রক্তের বিনিময়ে এই দেশ পেয়েছি। অথচ যত্রতত্র পোস্টার লাগিয়ে এই শহর দূষণ করছি। শহরের দূষণ বন্ধে সচেতন হতে হবে। শুধু সরকার, সিটি কর্পোরেশন দায়িত্ব নিলে হবে না। সবাইকে দায়িত্ব নিতে হবে।’
তিনি আরও বলেন, ‘পিলারগুলোতে তাকালে দেখা যায় যত্রতত্র পোস্টার লাগানো। অমুক ভাই, তমুক ভাই সালাম নিন, এগিয়ে চলুন এসব তেলবাজি, পাম-পট্টি পোস্টারের মাধ্যমে ঢেকে ফেলা হচ্ছে পিলারগুলো। নিচের দিকে লিখে রাখে সৌজন্যে অমুক। এসব সৌজন্যে অমুকদের বলতে চাই এগুলো বন্ধ করুন। অন্যথায় আইনানুগ ব্যবস্থা নিব। জেল হবে, জরিমানা হবে।’
মেয়র আতিকুল বলেন, ‘পোস্টার-ব্যানার সরিয়ে সিটি কর্পোরেশনকে দৃষ্টিনন্দন করার উদ্যোগ নিয়েছি। চিত্রকর্মের মাধ্যমে পিলারগুলো সুন্দর করে সাজিয়ে দিচ্ছি। ভবিষ্যৎ প্রজন্মের জন্য সুন্দর একটি শহর গড়ে তুলতে চাই। পিলারগুলোতে চিত্রকর্মের মাধ্যমে শিক্ষণীয় ম্যাসেজ দেওয়া হবে।’
রাজধানীবাসীর উদ্দেশে তিনি বলেন, ‘সবাইকে অনুরোধ করছি আপনারা এগিয়ে আসুন। পিলারগুলোতে পোস্টার লাগাবেন না। শহরকে রক্ষায় আপনাদের এগিয়ে আসতে হবে। বিশ্বের বিভিন্ন দেশে এই ধরনের গ্রাফিতি কার্যক্রম রয়েছে। আমরা চাইলেই পারি। সবাই সচেতন হলে শহরকে পরিচ্ছন্ন রাখতে পারবো।’
মার্কেটে অগ্নিকাণ্ড ও ভবন ধসের ঘটনা উল্লেখ করে মেয়র বলেন, ‘পরিত্যক্ত মার্কেটগুলো বন্ধে কঠোর হওয়া ছাড়া বিকল্প নেই। ডিএনসিসির আটটি পরিত্যক্ত মার্কেটে লাল রঙের সাইনবোর্ড লাগিয়ে দিব। মালিক সমিতিকে অনুরোধ করছি জীবনের মূল্য দিতে শিখুন। ক্রেতাদেরও অনুরোধ করছি এসব পরিত্যক্ত মার্কেট পরিহার করুন। কাওরান বাজার স্থানান্তরে কাজ শুরু করেছি। অন্যগুলোও স্থানান্তর অথবা নতুন মার্কেট নির্মাণ করে দিব। এক্ষেত্রে ব্যবসায়ীদের সহযোগিতা করতে হবে।’
এ সময় আরও উপস্থিত ছিলেন-ডিএনসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা মো. সেলিম রেজা, প্রধান প্রকৌশলী ব্রিগেডিয়ার জেনারেল মো. আমিরুল ইসলাম, প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা কমোডর এসএম শরিফ উল ইসলাম, প্রধান রাজস্ব কর্মকর্তা আ ন ম তরিকুল ইসলাম, ৩৫ নম্বর ওয়ার্ড কাউন্সিলর মোক্তার সরদার, সংরক্ষিত নারী কাউন্সিলর মিতু আক্তার, সংরক্ষিত নারী কাউন্সিলর নাজমুন নাহার হেলেন ও ডিএনসিসির প্রধান নগর পরিকল্পনাবিদ মাকসুদ হাসেমসহ অনেকে।
