বাল্যবিয়ের অনুষ্ঠান থেকে কাজীর পলায়ন, মেয়ের বাবাকে জরিমানা

আপডেট : ২১ জুন ২০১৯, ১৭:১৫

নওগাঁর রাণীনগরে দুইটি বাল্য বিয়ে পণ্ড করে দিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আল মামুন। এই ঘটনায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে মেয়ের বাবাকে জরিমানা করা হয়েছে। এদিকে নির্বাহী কর্মকর্তার যাওয়ার খবর পেয়ে কাজী (নিকাহ রেজিস্টার) পালিয়ে গেছেন বলে জানা গেছে।

উপজেলা নির্বাহী অফিস সূত্রে জানা গেছে, উপজেলার গোনা ইউনিয়নের বেতগাড়ী বাজারের আরিফুজ্জামানের মেয়ে আরিফা আক্তারের সঙ্গে নাটোর জেলার আয়েজ উদ্দীনের ছেলে তুহিনের বিয়ে ঠিক হয়। গত বুধবার বরযাত্রীসহ তুহিন বিয়ে করতে কনের বাড়িতে আসেন এবং ইসলামী শরীয়াহ অনুযায়ী বিয়ের কবুল পড়ানো হয়।

বাল্য বিয়ে অনুষ্ঠিত হওয়ার খবর পেয়ে রাণীনগর উপজেলা নির্বাহী অফিসার আল-মামুন বিয়ে বাড়িতে উপস্থিত হন। অবস্থা বেগতিক দেখে মেয়ের বাবা-মা, বরযাত্রী ও কাজী আইয়ুব আলী পালিয়ে যান। গত বৃহস্পতিবার বিকালে নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে মেয়ের বাবাকে ডেকে এনে বাল্য বিয়ে দেওয়ার অপরাধে ২০ হাজার টাকা এবং বিয়ের ঘটনাস্থলে একটি মোটরসাইকেলের কাগজপত্র না থাকায় ২০০ টাকা জরিমানা আদায় করা হয়। 

অপরদিকে একই দিনে উপজেলার রাতোয়াল গ্রামে একটি বাল্য বিয়ে হচ্ছে এমন খবর পেলে নির্বাহী কর্মকর্তা ঘটনাস্থলে গিয়ে বিয়ের অনুষ্ঠানটি পণ্ড করে দেন। তবে এখানে কারো জরিমানা করা হয়নি।

নিকাহ রেজিস্ট্রার কাজী আইয়ুব আলী বলেন, মেয়ের বিয়ের বয়স না হওয়ায় বিয়ে রেজিস্ট্রি না করে চলে আসি।

উপজেলা নির্বাহী কর্মকর্তা আল-মামুন বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে ভ্রাম্যমাণ অভিযান আদালত পরিচালনা করে বাল্য বিয়ের আয়োজন বন্ধসহ ঘটনাস্থলে পাওয়া একটি মোটরসাইকেল জব্দ করা হয় এবং নগদ জরিমানা আদায় করা হয়।

ইত্তেফাক/জেডএইচ