শিবচরে গণপিটুনিতে আহত যুবকের মৃত্যু, গ্রেপ্তার ৪

আপডেট : ১১ এপ্রিল ২০২৩, ০৬:৩০

মাদারীপুরের শিবচরে সোহেল মাদবর (৩০) হত্যা মামলার চার আসামিকে গ্রেফতার করেছে শিবচর থানা পুলিশ। রবিবার দিবাগত মধ্যরাতে তাদের আটক করা হয়। 

সোমবার (১০ এপ্রিল) দুপুর ১২টার দিকে শিবচর থানায় বিষয়টি সংবাদ সম্মেলন করে নিশ্চিত করেছেন সিনিয়র সহকারী পুলিশ সুপার (শিবচর সার্কেল) আনিসুর রহমান।

নিহত সোহেল মাদবর শিবচর উপজেলার ভদ্রাসন ইউনিয়নের চরপাড়া গ্রামের বাদল মাদবরের ছেলে। গ্রেফতারকৃত সব আসামির বাড়ি শিবচর উপজেলার উমেদপুর ইউনিয়নের রামরায়ের কান্দি গ্রামে। এরা হলেন—কুট্টি খার ছেলে আবুল খান (৪৫), দেরাজ দরানীর ছেলে হাবি দরানী (৬০), দলা মিয়া হাওলাদারের ছেলে ফজলু হাওলাদার ৪৫) ও কিনাই ফকিরের ছেলে আশরাফ ফকির (৬০)। পরে আটককৃতদের মাদারীপুর আদালতে পাঠানো হয়।

সংবাদ সম্মেলনে পুলিশ জানায়, গত ২৫ মার্চ রাতে সোহেল উমেদপুর এলাকায় মামা বাড়িতে গেলে সেখানে পূর্বশত্রুতার জেরে কয়েক জন দুর্বৃত্ত তাকে গণপিটুনি দেয়। চিকিৎসাধীন অবস্থায় গত শনিবার ঢাকা মেডিক্যালে তার মৃত্যু হয়। এ ঘটনায় নিহতের স্ত্রী হত্যা মামলা করলে আসামিদের গ্রেফতার করা হয়। অন্য আসামিদের ধরতে গ্রেফতার অভিযান অব্যাহত রয়েছে।

ইত্তেফাক/এমএএম