ন্যাশনাল টিমস কমিটির চেয়ারম্যান কাজী নাবিল আহমেদ। তার ধানমন্ডির অফিসে ন্যাশনাল টিমস কমিটির সভা। সংবাদমাধ্যম অপেক্ষায় ছিল সভা শেষে কথা বলবেন কমিটির চেয়ারম্যান। কিন্তু সভা শেষে তিনি চলে গেলেন। কারো সঙ্গেই কথা বললেন না। একটি ভিডিও বার্তা পাঠিয়ে দিলেন। সেখানে তিনি যা বলেছেন তা অন্যান্য মিটিংয়ে যা বলেন তার প্রায় একই কথা জানালেন। সংবাদমাধ্যম দেশের ফুটবলের সংবাদ সংগ্রহে গেলেন কিন্তু কমিটির চেয়ারম্যান তার অন্য ব্যস্ততায় কথা বললেন না। মনে হচ্ছে বিব্রতকর প্রশ্ন এড়াতে তিনি নিজেকে সরিয়ে নিলেন। কথা বলেছেন জাতীয় দলের স্প্যানিশ কোচ হ্যাভিয়ের কাবরেরা। তাও খুব অনুরোধে।
জাতীয় দলের পারফরম্যান্স নেই। দেশের মানুষ জাতীয় দলের পারফরম্যান্স দেখছে না। কীভাবে একটা দেশের জাতীয় দলের ফুটবল চলছে। তা নিয়ে হাজার হাজার প্রশ্ন রয়েছে। জাতীয় দলের পারফরম্যান্স না থাকায় দেশের ক্রীড়াঙ্গনে ফুটবল নিয়ে সমালোচনা চলছে। নানা বিতর্ক জন্ম দিয়ে চলেছে। নানা ইস্যুতে সমালোচিত হচ্ছে ফুটবল। বাফুফে সভাপতি কাজী সালাহউদ্দিন যাদের দায়িত্ব দিয়েছেন তাদের কাছ থেকে ব্যর্থতার জবাব নেন না। নিয়মিত মনিটরিং করেন না। একটা জাতীয় দল নামতে নামতে কোথায় গিয়ে ঠেকেছে, এখন একটা শিশু বাচ্চাও বলতে পারে। নিজেদের এমন অবস্থানে নিয়ে গেছে নিজেরাই। বর্তমানে দেশ জুড়ে ফুটবল বিতর্ক শেষ হচ্ছে না। এর একমাত্র কারণ জাতীয় দলের পারফরম্যান্স না থাকা। জাতীয় দল ভালো করলে আজ এতো কথা শুনতে হতো না। ন্যাশনাল টিমস কমিটির চেয়ারম্যানও সভা শেষে সংবাদ মাধ্যমের সঙ্গে আগ্রহ নিয়ে কথা বলতে পারতেন। কথা না বলেই তিনি চলে গেলেন। পরে জানা গেল তিনি জাতীয় সংসদ অধিবেশনে যাবেন। হাতে সময় ছিল না। রাতে দেশের কাজে কাজে বাইরে যাবে। ফ্লাইট ধরবেন। এই সভায় বিশেষ আমন্ত্রণে বাফুফের সভাপতি কাজী সালাহউদ্দিন ভার্চুয়ালি উপস্থিত ছিলেন।
গতকালকের সভার মূল আলোচনা ছিল সাফ কেন্দ্র করে। ২১ জুন থেকে ৪ জুলাই সাফ চ্যাম্পিয়নশিপ হবে ভারতের বেঙ্গালুরুতে। ৮ দেশ নিয়ে এবার সাফ চ্যাম্পিয়নশিপের বড় আসর। সেখানে কীভাবে ভালো করা যায় তা নিয়ে ভিডিও বার্তায় কাজী নাবিল আহমেদ বলেন, ‘শেষ ফিফা উইন্ডো নিয়ে আলোচনা হয়েছে। জুনে পরের উইন্ডো রয়েছে। সেটা নিয়ে আলোচনা হয়। সামনে আমাদের সাফ চ্যাম্পিয়নশিপ রয়েছে। আমরা বিভিন্ন অপশন দেখছি। কোথায় অনুশীলন করা যেতে পারে। কীভাবে করব। কোথায় প্রস্তুতি ম্যাচ খেলতে পারি।’
৪ থেকে ১২ সেপ্টেম্বর এএফসি অনূর্ধ্ব-২৩ বাছাইপর্ব এবং ২৩ সেপ্টেম্বর থেকে ৮ অক্টোবর হবে এশিয়ান গেমস। রয়েছে বিশ্বকাপের বাছাইপর্বও। কাজী নাবিল বলেছেন, ‘সেপ্টেম্বর-অক্টোবরে আরো একটি উইন্ডো রয়েছে। অলিম্পিক, ফিফা বিশ্বকাপের বাছাইপর্ব ও এশিয়ান কাপের বাছাইপর্ব রয়েছে। এর মধ্যে দুটি ক্লাব এএফসি কাপে খেলবে। যেসব আলোচনা হয়েছে তা নিয়ে ঈদের পর আমরা আবার বসবো। তখন সিদ্ধান্ত দিতে পারবো।’
৪ জুন জাতীয় দলের ক্যাম্প শুরু হবে জানিয়েছেন বাফুফের সাধারণ সম্পাদক আবু নাইম সোহাগ। তিনি জানান, জাতীয় দলের ক্যাম্প কাতারে কিংবা সৌদি আরবে হতে পারে। এই দুই দেশে এখন গরম। সেই গরমের মধ্যে অনুশীলন কতটুকু ভালো হবে তা নিয়ে সংশয় থাকলেও বাফুফে দেখছে সাফের খেলার সময় ব্যাঙ্গালুরুতে আবহাওয়া কেমন থাকবে। এছাড়াও বাফুফের ভাবনায় কুমিল্লা, বুসন্ধরা কিংসের মাঠও রয়েছে।
অনুশীলন যেখানেই হোক সাফে কতদূর কি করতে পারবে তা নিয়েও খুব একটা আশার কথা শোনাতে পারছেন না স্প্যানিশ কোচ হ্যাভিয়ের কাবরেরা।
