ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় জমি নিয়ে বিরোধের জেরে বড় ভাইকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে ছোট ভাইয়ের বিরুদ্ধে। সোমবার (১০ এপ্রিল) সন্ধ্যায় ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যায়। এর আগে উপজেলার নোনাসার গ্রামে সন্ধ্যায় নামাজ শেষে বাড়ি ফেরার পথে এ হামলার ঘটনা ঘটে।
নিহত আব্দুর রহমান (৫০) উপজেলার মোগড়া ইউনিয়নের নোনাসার গ্রামের আব্দুল কাদির মিয়ার ছেলে।
জানা যায়, নিহত আব্দুর রহমানের সঙ্গে ছোট ভাই খলিলুর রহমানের জমিজমা নিয়ে অনেক আগে থেকে বিরোধ চলছে। এ নিয়ে মামলাও রয়েছে। সোমবার দুই ভাইয়ের মধ্যে বাকবিতণ্ডা হয়। এরই জেরে সন্ধ্যায় মসজিদ থেকে নামাজ পড়ে বাড়ি ফেরার পথে খলিলুর রহমান ও তার ছেলেসহ ৫-৬ জন আব্দুর রহমানকে বেধড়ক পিটিয়ে গুরুতর আহত করে। পরে স্থানীয়রা উদ্ধার করে ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে নিয়ে আসে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
আখাউড়া থানার ওসি আসাদুল ইসলাম বলেন, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। অভিযুক্ত খলিলুর রহমান পলাতক রয়েছেন। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য দু’জনকে থানায় আনা হয়েছে।
