এইচ৩এন৮ বার্ড ফ্লুতে প্রথম মৃত্যু চীনে: ডব্লিউএইচও

আপডেট : ১২ এপ্রিল ২০২৩, ১৬:৪৬

বিশ্বে প্রথমবারের মতো বিরল এক ধরনের বার্ড ফ্লুতে চীনে এক নারীর মৃত্যু হয়েছে। এ ধরনের বার্ড ফ্লুতে আক্রান্ত হয়ে এটি প্রথম মৃত্যুর ঘটনা বলে জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) ।প্রথম আক্রান্তের ঘটনা দুটি গত বছর ঘটেছিল আর এ পর্যন্ত আক্রান্ত তিনজনই চীনের বাসিন্দা। খবর বিবিসি।

তবে বার্ড ফ্লুর এ ধরনটি মানুষের মাঝে ছড়িয়ে পড়বে না বলেই মনে করছে জাতিসংঘের সংস্থাটি। মঙ্গলবার এক বিবৃতিতে ডব্লিউএইচও জানায়, চীনের গুয়াংডং প্রদেশের বাসিন্দা ৫৬ বছর বয়সী ওই নারী এভিয়ান ইনফ্লুয়েঞ্জার সাবটাইপ এইচ৩এন৮ এ আক্রান্ত তৃতীয় ব্যক্তি ছিলেন।

গুয়াংডংয়ের প্রাদেশিক রোগ নিয়ন্ত্রণ ও প্রতিরোধ কেন্দ্র গত মাসের শেষের দিকে তৃতীয় সংক্রমণের কথা জানিয়েছিল। কিন্তু আক্রান্ত নারীর মৃত্যুর বিষয়ে বিস্তারিত কিছু জানায়নি তারা।

অসুস্থ হওয়ার আগে ওই নারী স্থানীয় কাঁচা বাজারে গিয়েছিলেন। সেখান থেকে সংগ্রহ করা নমুনায় ইনফ্লুয়েঞ্জা এ (এইচ৩) এর জীবাণু পাওয়া গেছে বলে ডব্লিউএইচও জানিয়েছে। এ থেকে ধারণা পাওয়া গেছে বাজারটি সংক্রমণের উৎস হতে পারে। 

চীনের হাঁস-মুরগির বিশাল বিশাল সব খামার থাকায় ও সেখানে বন্য পাখির সংখ্যা বেশি হওয়ায় এভিয়ান ফ্লুর ভাইরাস প্রতিনিয়ত ছড়াতে থাকে, ফলে লোকজন প্রায়ই বার্ড ফ্লুতে আক্রান্ত হন। তবে, সংক্রমিত ওই নারীর ঘনিষ্ঠ সংস্পর্শে যারা এসেছিল তাদের কেউ এ রোগে আক্রান্ত হয় নি বলে জানিয়েছে ডব্লিউএইচও।

মানুষের মধ্যে বিরল হলেও এইচ৩এন৮ পাখিদের মধ্যে প্রায়ই পাওয়া যায়। আর এটি তাদের মধ্যে সামান্য বা কোনো রোগ লক্ষণেরই কারণ হয় না।

বিশ্ব স্বাস্থ্য সংস্থা এক বিবৃতিতে বলেছে, “প্রাপ্ত তথ্যের ভিত্তিতে ধারণা পাওয়া গেছে, এই ভাইরাসটির এক ব্যক্তি থেকে আরেক ব্যক্তির মধ্যে সহজে ছড়ানোর সামর্থ্য নেই, আর তাই জাতীয়, আঞ্চলিক ও আন্তর্জাতিক স্তরে মানুষের মধ্যে এর ছড়ানোর ঝুঁকি কম বলে বিবেচনা করা হচ্ছে।”

এভিয়ান ইনফ্লুয়েঞ্জার ভাইরাসের বিবর্তিত ও মহামারীর কারণ হওয়ার সামর্থ্য থাকায় এ ধরনের সব ভাইরাস পর্যবেক্ষণে রাখা গুরুত্বপূর্ণ বলে বিবেচনা করা হয়। 

ইত্তেফাক/এফএস