চুরি ঠেকাতে আমগাছে বিদ্যুৎ সংযোগ, প্রাণ গেলো দুই ভাইয়ের

আপডেট : ১২ এপ্রিল ২০২৩, ১৯:৫২

রাজধানীর ডেমরা এলাকায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ২ ভাইয়ের মৃত্যুর ঘটনা ঘটেছে। বুধবার (১২ এপ্রিল) ডেমরার বামৈল এলাকায় এই ঘটনা ঘটে। 

এলাকাবাসী সূত্রে জানা যায়, বামৈল এলাকায় আম চুরি ঠেকাতে গাছের চারদিকে বিদ্যুতের তার পেঁচিয়ে রেখেছিলেন প্রতিবেশী। বুধবার সহোদর দুই ভাই- আরিয়ান মিয়া (৮) ও রায়হান মিয়া (২) প্রতিবেশীর বাড়িতে খেলতে গেলে বৈদ্যুতিক তারে স্পৃষ্ট হয়ে মারা যায়। নিহত আরিয়ান ও রায়হান সিলেটের বিশ্বনাথ থানার দ্বন্দনানিক গ্রামের ভ্যানচালক মারফত আলীর ছেলে।

সন্তানের মৃত্যুতে আহাজারি করছেন বাবা মারফত।

নিহতদের বাবা মারফত বলেন, প্রতিবেশী দিপুর বাড়িতে খেলতে যায় দুই ভাই। প্রতিবেশীর বাড়িতে থাকা গাছের আম পারতে কেউ যেন যেতে না পারে সেজন্য বাগানের চারদিকে বৈদ্যুতিক তার পেঁচিয়ে রাখা হয়েছিল। আমার দুই বাচ্চা ওই বাগানে খেলতে গেলে তারা বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আহত হয়। পরে তাদের ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নিহতের মা এ্যানি বেগম বলেন, তারা আমগাছে বিদ্যুতের তার পেঁচিয়ে রেখেছিল। এটা কোনো মানুষের কাজ।আমার সন্তানদের জীবনের চেয়ে কি আমের দাম বেশি। ওদের বড় করে তুলতে আমি অনেক কষ্ট করেছি। আমি ওদের ফেরত চাই',।

সন্তানের মৃত্যুতে আহাজারি করছেন মা এ্যানি বেগম।

ব্যাংক কলোনি সাধুর মাঠ এলাকার বাসিন্দা রাজমিস্ত্রি ইয়াসির আরাফাত, তিনি জানালা দিয়ে দেখতে পান, পাশের বাড়ির আমগাছের নিচে ২ শিশু উপুড় হয়ে পড়ে আছে। সন্দেহ হলে তিনি সেখানে গিয়ে দেখেন, গাছের নিচে বিদ্যুতের তার পেঁচানো। তখন আশপাশের লোকজনের সহায়তায় শিশু দুটিকে প্রথমে স্থানীয় হাসপাতালে নিয়ে যান। সেখান থেকে ঢাকা মেডিক্যাল নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। 

ডেমরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শফিকুল ইসলাম বলেন, প্রাথমিকভাবে জানতে পেরেছি, আম পাড়তে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়েছে ২ ভাই। পরে হাসপাতালে নিয়ে গেলে মারা যায় তারা।আমরা ঘটনাটি খতিয়ে দেখছি। ইতোমধ্যে ৪ জনকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় আনা হয়েছে। তবে অভিযুক্ত দিপু পলাতক রয়েছেন। 

ইত্তেফাক/এনএ/এমএএম