রাশিয়ায় আইনসভার নিম্নকক্ষ হিসেবে পরিচিত স্টেট ডুমার নবগঠিত বাংলাদেশ বিষয়ক সংসদীয় গ্রুপের সমন্বয়কারী স্বেতলানা সের্গেইভনা ঝুরোভা বলেছেন, রাশিয়া ও বাংলাদেশের পারস্পরিক সহযোগিতার সম্পর্ক সুদীর্ঘকালের। বাংলাদেশের মুক্তিযুদ্ধকালে ও যুদ্ধ পরবর্তী সময়ে বাংলাদেশের পুনর্গঠন প্রক্রিয়ায় রাশিয়া যেভাবে সহযোগিতা করেছিল দুই দেশের জনগণের স্বার্থে ভবিষ্যতেও এ সম্পর্ক অব্যাহত থাকবে।
স্থানীয় সময় বুধবার (১২ এপ্রিল) সকালে স্টেট ডুমায় নবগঠিত বাংলাদেশ বিষয়ক সংসদীয় গ্রুপের সঙ্গে সৌজন্য সাক্ষাত করেছেন দেশটিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত কামরুল আহসান।
সাক্ষাৎকালে তারা বাংলাদেশ-রাশিয়া দ্বিপাক্ষিক সম্পর্ক শক্তিশালী করতে শিক্ষা, স্বাস্থ্য, জ্বালানি, পারমাণবিক বিদ্যুৎ, খেলাধুলা, দ্বিপাক্ষিক বাণিজ্যিক ও অর্থনৈতিক সম্পর্ক, তৈরি পোশাক শিল্প, বিজ্ঞান প্রযুক্তি, কৃষি এবং জলবায়ু পরিবর্তনসহসহ বিভিন্ন ক্ষেত্রে পারস্পরিক সহযোগিতার বিষয়ে আলোচনা করেছেন।
স্বেতলানা সের্গেইভনা ঝুরোভার আরও বলেন, বাংলাদেশের সাথে জ্বালানি ও কৃষি, শিক্ষা, খেলাধুলা, জলবায়ু পরিবর্তনসহ বিভিন্ন বিষয়ে একসঙ্গে কাজ করার অনেক সুযোগ রয়েছে।
স্বেতলানা সের্গেইভনা ঝুরোভার নেতৃত্বে আরও উপস্থিত ছিলেন স্টেট ডুমার আইন ও সংসদ বিষয়ক ডেপুটি চেয়ারম্যান ইরিনা ভিক্টোরোভনা বেলিখ, স্টেট ডুমার সদস্য নিকোলাই রবার্টোভিচ বুডুয়েভ ও আলেক্সি সিটনিকভণের।
এ সময় রাষ্ট্রদূত কামরুল আহসান বলেন, দুই দেশের বহুমুখী সম্পর্ককে আরও সমৃদ্ধ ও মজবুত করতে বাংলাদেশের সরকার প্রতিশ্রুতিবদ্ধ। বাংলাদেশের স্বাধীনতার স্বপক্ষে সোভিয়েত ইউনিয়নের প্রত্যক্ষ সহযোগিতা না পেলে বাংলাদেশের স্বাধীনতা আরও বিলম্বিত হতে পারতো।
সভায় দ্বিপাক্ষিক সম্পর্ককে প্রথাগত এলাকার বাইরে গিয়ে আরও প্রসারিত ও বৈচিত্র্য আনার বিষয়ে আলোচনা হয়। রাশিয়ার বিভিন্ন শিল্পকারখানায় বাংলাদেশ থেকে দক্ষ জনশক্তি রপ্তানি এবং রাশিয়ার বিশ্ববিদ্যালয়গুলোতে অধিকসংখায় বাংলাদেশি শিক্ষার্থী প্রেরণের সম্ভাবনার বিষয়ে সভায় আলোচনা হয়।
রাষ্ট্রদূত বলেন, জলবায়ু পরিবর্তনের ফলে সম্ভাব্য সবচেয়ে ক্ষতিগ্রস্ত দেশেগুলোর মধ্যে বাংলাদেশ একটি। জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলায় দুই দেশকে একসাথে কাজ করার এবং এ বিষয়ে বাংলাদেশকে সহযোগিতার আহ্বান জানান। দুই দেশের সম্পর্কে আরও এগিয়ে নিতে শীর্ষ রাজনৈতিক ব্যক্তিদের সফর বিনিময় অত্যন্ত গুরুত্বপূর্ণ বলেও উল্লেখ করেন।
রাষ্ট্রদূত আশা প্রকাশ করেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বিভিন্ন প্রথাগত ও অপ্রচলিত খাতে সহযোগিতা বৃদ্ধির মাধ্যমে দুইদেশের সম্পর্ক আরও সুদৃঢ় ও সম্প্রসারিত হবে।
পারমানবিক বিদ্যুৎ কেন্দ্র ও নতুন গ্যাস ক্ষেত্র অনুসন্ধানের পাশাপশি আরো অনেক অবকাঠামো খাতে বাংলাদেশ ও রাশিয়া এক যোগে কাজ করবে বলে স্টেট ডুমার সদস্যরা আশাবাদ ব্যক্ত করেন।
রাষ্ট্রদূত কামরুল আহসান তাকে বৈঠকে আমন্ত্রণ জানানোর জন্য স্বেতলানা সের্গেইভনা ঝুরোভাকে আন্তরিক ধন্যবাদ জানান। তিনি বাংলাদেশ ও রাশিয়ার মধ্যে বিদ্যমান বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে নতুন উচ্চতায় নিতে অব্যাহতভাবে কাজ করার প্রতিশ্রুতি ব্যক্ত করেন।
