রাজধানীতে বাসচাপায় পোষাক শ্রমিক নিহত

আপডেট : ১৪ এপ্রিল ২০২৩, ১০:২৮

ঢাকার কুড়িল এলাকায় বৃহস্পতিবার (১৩ এপ্রিল) বাসচাপায় এক পোশাক শ্রমিক নিহত হয়েছেন।

নিহত কেয়ার বাড়ি গাইবান্ধায়। তিনি রাজধানীর একটি পোশাক কারখানায় কাজ করতেন।

ঢাকা মেডিকেল কলেজ পুলিশ ক্যাম্পের পরিদর্শক বাচ্চু মিয়া জানান, বৃহস্পতিবার রাতে কাজিবাড়ি এলাকায় রাস্তা পার হওয়ার সময় কেয়াকে একটি বাস ধাক্কা দিলে তিনি গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে প্রথমে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নিয়ে যায়। পরে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে রাত সাড়ে ৯টার দিকে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

বাচ্চু মিয়া জানান, লাশ ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে রাখা হয়েছে।

ইত্তেফাক/আরএজে