আজ থেকে শুরু বাংলা বর্ষ ১৪৩০। দেশবাসীকে নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন বাংলাদেশ জাতীয় দলের ক্রিকেটার লিটন দাস। প্রথমবারের মতো ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) খেলতে কলকাতা নাইট রাইডার্সের সঙ্গে অবস্থান করছেন এই ব্যাটার। শুক্রবার (১৪ এপ্রিল) ইডেন গার্ডেন্সে নিজেদের তৃতীয় জয়ের লক্ষ্যে সানরাইজার্স হায়দ্রাবাদের বিপক্ষে মাঠে নামবে কলকাতা।
মাঠে নামার আগে কলকাতা থেকে নিজের অফিসিয়াল ফেসবুক পেজে দেশবাসীকে নববর্ষের শুভেচ্ছা জানিয়ে লিটন লিখেন, 'আশা করি অতীতের সব গ্লানি মুছে দিয়ে নতুন বাংলা বছর আপনার জীবনে নতুন দিগন্ত বয়ে আনবে। সবাইকে নববর্ষের শুভেচ্ছা।' নববর্ষের প্রথম দিনেই কলকাতার হয়ে আইপিএলে অভিষেক হতে পারে লিটনের। বিশ্লেষকদের মতে প্রথম তিন ম্যাচে কলকাতাকে ভুগিয়েছে ওপেনিং জুটি। তিন ম্যাচে তিনটি আলাদা জুটি খেলিয়েছে কলকাতা।
প্রথম ম্যাচে খেলেছিলেন গুরবাজ ও মনদীপ সিংহ। দ্বিতীয় ম্যাচে গুরবাজ ও ভেঙ্কটেশ আয়ার। তৃতীয় ম্যাচে গুরবাজের সঙ্গে ওপেন করেছেন নারায়ণ জগদীশন। একটি জুটিও সফল না হওয়ায় হায়দ্রাবাদের বিপক্ষে আরও এক বার ওপেনিং জুটিতে পরিবর্তন আনতে পারে কলকাতা। জেসন ও লিটনের মধ্যে একজনের সুযোগ হতে পারে। আর উপমহাদেশের ক্রিকেটার হওয়ায় লিটনের খেলার সম্ভাবনা বেশি।
