সৌদি প্রো লিগে দুর্বল আল–ফেইহার সঙ্গে গোলশূন্য ড্র করে আল নাসর। এরপরই বৃহস্পতিবার (১৩ এপ্রিল) ক্লাব থেকে বরখাস্ত হন কোচ রুডি গার্সিয়া। রোনালদো আল–নাসরে যোগ দেওয়ার কিছুদিন পর গার্সিয়া বলেছিলেন, লিওনেল মেসিকেই নাকি তিনি দলে টানতে চেয়েছিলেন!
যার কারণে রোনালদোর সঙ্গে সম্পর্ক ভালো যাচ্ছিলো না গার্সিয়ার। আর সেই কারণেই তাকে বরখাস্ত করা হয়েছে বলে গুঞ্জন রয়েছে। ফরাসি এই কোচকে বরখাস্ত করার পর এক বিবৃতিতে আল নাসর জানায়, ‘পারস্পরিক সমঝোতার ভিত্তিতে আল–নাসর প্রধান কোচ রুডি গার্সিয়ার সরে যাওয়ার খবর নিশ্চিত করছে। বোর্ড ও আল–নাসরের সবাই রুডি ও তার স্টাফদের শেষ আট মাসের কাজের জন্য ধন্যবাদ জানাচ্ছে।’
ক্লাব থেকে বরখাস্ত হওয়ার পর গার্সিয়াকে শুভকামনা জানিয়েছেন রোনালদো। ইনস্টাগ্রাম স্টোরিতে গার্সিয়ার সঙ্গে একটি ছবি পোস্ট করে রোনালদো লিখেন, ‘আপনার সঙ্গে কাজ করাটা আনন্দের। ভবিষ্যতের জন্য শুভকামনা রইল।’ বর্তমানে আল–নাসর নতুন কোচ হিসেবে নিয়োগ দিয়েছে তাদের অনূর্ধ্ব-১৯ দলের দায়িত্বে থাকা দিনকো জেলিচিচকে।
