অঙ্কনের সেঞ্চুরিতে সুপার লিগে মোহামেডান

আপডেট : ১৪ এপ্রিল ২০২৩, ১৯:৩০

ঢাকা প্রিমিয়ার লিগে (ডিপিএল) ব্যাটার মাহিদুল ইসলাম অঙ্কনের অনবদ্য সেঞ্চুরিতে শাইনপুকুর ক্রিকেট ক্লাবকে হারিয়ে সুপার পর্ব নিশ্চিত করেছে মোহামেডান। শুক্রবার (১৪ এপ্রিল) দশম রাউন্ডের ম্যাচে মোহামেডান ৫২ রানে হারিয়েছে শাইনপুকুরকে। অঙ্কন অনবদ্য ১২৫ রান করেন। এই জয়ে ১১ পয়েন্ট নিয়ে টেবিলের পঞ্চমস্থানে থাকলো মোহামেডান। 

সাকিবকে ছাড়া প্রথম পাঁচ ম্যাচ থেকে মাত্র ১ পয়েন্ট পেয়েছিলো মোহামেডান। সাকিব যোগ দেওয়ার পর টানা পাঁচ ম্যাচ জিতে সুপার লিগ নিশ্চিত করলো মোহামেডান।  অন্য দিকে সমানসংখ্যক ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে টেবিলের ১১তমস্থানেই থাকলো শাইনপুকুর।

সাভারের বিকেএসপির তিন নম্বর মাঠে টস জিতে মোহামেডানকে ব্যাটিংয়ে পাঠায় শাইনপুকুর। প্রথমে ব্যাট করতে নেমে দলীয় ২৪ রানে প্রথম উইকেট হারায় মোহামেডান। এরপর দ্বিতীয় উইকেটে ৯৭ রানের জুটি গড়েন অধিনায়ক ইমরুল কায়েস ও তিন নম্বরে নামা অঙ্কন। ইমরুল ৬৯ রানে থামলেও সেঞ্চুরি তুলে ইনিংসের শেষ পর্যন্ত ১২৫ বলে অনবদ্য ১২৫ রান অপরাজিত থাকেন অঙ্কন। ৬টি চার ও ৭টি ছক্কায় হাঁকান তিনি।  ৫০ ওভারে ৬ উইকেটে ২৭৬ রান করে মোহামেডান। শাইনপুকুরের পক্ষে মেহেদি হাসান রানা ও মাসুম খান ২টি করে উইকেট নেন।

২৭৭ রানের টার্গেটে ব্যাট করতে নেমে বড় ইনিংস খেলতে ব্যর্থ হয় শাইনপুকুরের ব্যাটাররা। ৪৩ ওভার ২ বলে ২২৪ রানে গুটিয়ে যায় শাইনপুকুর। ভারতের শুবম শর্মা ৬৬ ও ওপেনার খালিদ হাসান ৫৬ রান করেন। মোহামেডানের নাজমুল ইসলাম ৩টি, মুশফিক হাসান-জ্যাক লিন্টট ২টি করে এবং সাকিব-মিরাজ ১টি করে উইকেট নেন।

ইত্তেফাক/জেডএইচ