বিয়ের পাঁচ মাসেই খুন হলেন স্বামী-স্ত্রী

আপডেট : ২১ জুন ২০১৯, ২১:০৯

কিশোরগঞ্জের করিমগঞ্জে এক দম্পতিকে দিনের বেলায় গলাকেটে হত্যা করা হয়েছে। শুক্রবার বিকালে তাদের লাশ দক্ষিণ চানপুর গ্রাম থেকে উদ্ধার করা হয়। 

নিহতরা হলেন- করিমগঞ্জ উপজেলার সতেরদরিয়া গ্রামের রিকশাচালক আবু বকর (২৬) ও তার স্ত্রী ইমা আক্তার (২২)। 

আবু বকরের লাশ উক্ত গ্রামের পাতুয়াইল বিলে এবং তার স্ত্রী ইমা আক্তারের লাশ বিলের পাড়ে পড়ে থাকতে দেখে গ্রামবাসীরা থানায় খবর দেয়। পরে পুলিশ এসে লাশের সুরতহাল রিপোর্ট তৈরি করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠায়। মাত্র পাঁচ মাস আগে তাদের বিয়ে হয়েছিল বলে জানা যায়।

পুলিশ ও স্থানীয়রা জানান, উক্ত দম্পতি শুক্রবার দুপুরের আহারের পর তাড়াইলে খালার বাড়িতে বেড়াতে যাওয়ার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয়। পরে নির্জন স্থানে পৌঁছার পর দুর্বৃত্তরা তাদের ধারালো অস্ত্র দিয়ে গলাকেটে হত্যা করে লাশ ফেলে রাখে।

করিমগঞ্জ থানার ওসি মমিনুল ইসলাম ঘটনাটি নিশ্চিত করে জানান, লাশ মর্গে পাঠানোর ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। হত্যাকাণ্ডের কোনো কারণ তাৎক্ষণিকভাবে জানাতে পারেননি ওসি।

ইত্তেফাক/জেডএইচ