ঈদুল ফিতরে চোরাচালান ঠেকাতে তৎপর ট্যুরিস্ট পুলিশ

আপডেট : ১৫ এপ্রিল ২০২৩, ২০:৫৯

আসন্ন ঈদুল ফিতরকে কেন্দ্র করে নগরীসহ বৃহত্তর সিলেটের বিভিন্ন স্থানে অপরাধী চক্র বেশ সক্রিয় হয়ে উঠেছে। সীমান্ত এলাকার চোরাচালানিরাও তৎপর। জাল নোট বাজারে ছড়িয়ে দিতে একটি চক্র মাঠে নেমেছে। এরই মধ্যে নগরীতে জাল নোটসহ এক ব্যক্তি ধরা পড়েছে। 

এছাড়া ভারতীয় সীমান্ত প্রায় উন্মুক্ত থাকায় সিলেটকে নিরাপদ ট্রানজিট বিবেচনায় নিয়েছে চোরাকারবারি ও মাদক পাচারকারীরা। ঈদের সময় কোটি কোটি টাকার ব্যবসা জমে উঠে তাদের। সীমান্ত অতিক্রম করে বিভিন্ন ধরনের মাদক, চোরাই মোবাইলসহ বিভিন্ন পণ্য দেশে পাচার হয়।

সার্বিক পরিস্থিতি মাথায় রেখে এবার সিলেট জেলা প্রশাসন ও পুলিশ সতর্কতা অবলম্বন করেছে। দুটি পৃথক সভা করে পুলিশ ও জেলা প্রশাসন সংশ্লিষ্ট কর্মকর্তাদের সতর্ক থাকার নির্দেশনা দিয়েছেন। পুলিশের নিয়মিত টহল ছাড়াও, সাদা পোশাকে গোয়েন্দারা মাঠে থাকেবে।  

 

বিজিবি জানায়, গত মাসে ১২৬টি অভিযান পরিচালনা করে আনুমানিক ২ কোটি ৮৩ লাখ ৫৭ হাজার টাকার অবৈধ মালামাল আটক করা হয়। একই সময়ে ৯৩০টি চোরাচালান ও মাদকবিরোধী অভিযান পরিচালনা করে ২ লাখ ৬ হাজার টাকার অবৈধ পণ্য আটক করা হয়। গত কয়েক বছর যাবৎ মোবাইল ফোন চোরাচালানি চক্রও ইদের সময়কে বেছে নিয়েছে। ছুটিতে সিলেটে আসা দেশ-বিদেশের পর্যটক অনেক সময় হয়রানির শিকার হন।

সিলেট ট্যুরিস্ট পুলিশের ওসি আক্তার হোসেন বলেন, প্রায় ১০০ ট্যুরিস্ট পুলিশের অতিরিক্ত সদস্য সিলেট অঞ্চলের মাধবপুর থেকে সুনামগঞ্জের টেকেরঘাট, জাফলং, বিছনাকান্দি, মাধবপুর, শ্রীমঙ্গলসহ বিভিন্ন পয়েন্টে দায়িত্ব পালন করবে।

ইত্তেফাক/এবি/পিও