বারবার আগুন লাগার তদন্ত চায় ফায়ার সার্ভিস

আপডেট : ১৬ এপ্রিল ২০২৩, ১২:৪৬

ঈদের আগে পুরান ঢাকার বঙ্গবাজার ও নবাবপুরে ভয়াবহ আগুন লাগার পর নিউমার্কেটের নিউ সুপার মার্কেটে আগুন লাগার ঘটনায় নাশকতার সন্দেহ করছেন ফায়ার সার্ভিসের মহাপরিচালক (ডিজি) ব্রিগেডিয়ার জেনারেল মো. মইন উদ্দিন।

তাই এই ঘটনাগুলো তদন্ত করে দেখতে সংশ্লিষ্ট সংস্থাগুলোর প্রতি আহ্বান জানিয়েছেন তিনি।

শনিবার (১৫ এপ্রিল) ঢাকা নিউ সুপার মার্কেটে লাগা আগুন নিয়ন্ত্রণে আসার পর সাংবাদিকদের প্রশ্নে নিজের এ কথা জানান ফায়ার সার্ভিসের ডিজি।

ঢাকা নিউ সুপার মার্কেটের অগ্নিকাণ্ড দুর্ঘটনা নাকি নাশকতা সাংবাদিকদের এমন প্রশ্নে তিনি বলেন, ‘আমি আপনাদের মাধ্যমে এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের মাধ্যমে গোয়েন্দা সংস্থা ও পুলিশকে আবেদন করব যে, এরকম কোনো কিছু আছে কি না খতিয়ে দেখার জন্য।’

এর আগে শনিবার ভোর ৫টা ৪০ মিনিটে নিউমার্কেটের নিউ সুপার মার্কেটে আগুন লাগার তথ্য জানতে পারে ফায়ার সার্ভিস। ৫টা ৪৩ মিনিটে আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের প্রথম ইউনিট ঘটনাস্থলে পৌঁছে।

এরপর ফায়ার সার্ভিসের ৩০টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করে। ভয়াবহ আগুন নেভাতে ফায়ার সার্ভিসের সঙ্গেও যোগ দেয় সেনা, নৌ, বিমান বাহিনী। আইনশৃঙ্খলা রক্ষাসহ সার্বিক নিরাপত্তায় নিয়োজিত ছিল বিজিবি, র‌্যাব ও পুলিশ সদস্যরাও।

১১ দিন আগে গত ৪ এপ্রিল ঢাকার বঙ্গবাজার মার্কেট ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ে ছাই হয়ে যায়। এরপর গত বৃহস্পতিবার পুরান ঢাকার নবাবপুর রোডে আগুন লেগে পুড়ে যায় ২০টির মতো গুদাম।

ইত্তেফাক/এসজেড