বেশ কয়েকদিন জুড়ে গোটা দেশ জুড়ে চলছে তীব্র তাপদাহ। প্রতিদিনই যেন আগের দিনের থেকে বেশি তাপমাত্রা অনুভীত হচ্ছে, একইসঙ্গে চলছে পবিত্র মাহে রমযান মাসও। এমন পরিস্থিতিতে চলছে ঢাকা প্রিমিয়ার লিগের (ডিপিএল) খেলাও। তীব্র গরমে মাঠে ৫০ ওভারের ম্যাচ খেলছে ক্লাবগুলো সেগুলো আবার পরিচালনা করছে আম্পায়ররা। যেখানে এ গরমে বসে থাকাই দায় সেখানে খেলোয়াড়রা খেলছে। এমন গরমে খেলা চালিয়ে যাওয়া কঠিন কাজ খেলোয়াড়রা এ বিষয়ে অভিযোগ করে তাদের কোচদের কাছে। গতকাল ম্যাচ শেষে বিকেএসপি মাঠে এমনি জানিয়েছেন আবহনী কোচ খালেদ মাহমুদ সুজন।
রোববার ম্যাচ শেষে গণমাধ্যমের মুখোমুখি হয়ে তীব্র গরমে খেলা চালিয়ে যাওয়ায় খেলোয়াড় এবং আম্পায়ারদের ধন্যবাদ দিয়ে সুজন বলেন, ‘ খুবই কঠিন। কোনো সন্দেহ নেই যে, খুব কঠিন। আমি ছেলেদেরকে ধন্যবাদ দেই, আম্পায়ারদেরও দেই যারা এ গরমে ম্যাচ পরিচালনা করছেন। এ গরমে এটা এত সহজ না। ছেলেরা আজকে বারবার অভিযোগ করতেছিল যে স্যার অনেক গরম মাঠের ভেতর। কিন্তু কিছু করার নেই।’
এসময় ডিপিএলের সূচিতে পরিবর্তন আনা যায় কিনা তা নিয়ে পরিকল্পনা করবে উল্লেখ করে তিনি বলেন, ‘কুড়ি ওভারের খেলা হলেও কথা ছিল না, কিন্তু ৫০ ওভারের খেলা, লম্বা সময় খেলা হয়। তারপর আমরা একদিন পর পর বা দুদিন পরপর ম্যাচ খেলছি, এটা সহজ নয় যে, সপ্তাহে আপনি ৩টা ম্যাচ খেলছেন। আমার মনে হয় আমরা যদি চেষ্টা করি কোনোভাবে আমরা ক্যালেন্ডারের অন্যকোনো ফাঁকে এটা দিতে পারি কিনা। কারণ এ সময় ক্রিকেট থেকে আমাদের ওয়ানডে দল নির্বাচন হয়, অনেক ছেলের পারফরম্যান্স গুরুত্বপূর্ণ। আমি মনে করি সেটার দিকে নজর দিলে ভালো হয়। একজন বোর্ড ডিরেক্টর হিসেবে আমিও জানি এটা কঠিন, তারপরও আমাদের একটা পরিকল্পনা করতে হবে আমরা কোনো জায়গায় এটা দিতে পারি কি না।’
