আইপিএল অভিষেকের পর শুভেচ্ছায় সিক্ত শচীনপুত্র

আপডেট : ১৭ এপ্রিল ২০২৩, ১৭:০২

চলমান ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) অভিষেক হয়েছে শচীন টেন্ডুলকারের ছেলে অর্জুন টেন্ডুলকারের। কলকাতা নাইট রাইডার্সের বিপক্ষে মুম্বাই ইন্ডিয়ান্সের হয়ে অভিষেক হয় অর্জুনের। ছেলের অভিষেক মুম্বাই ইন্ডিয়ান্সের ডাগ আউটে বসেই দেখেছেন বাবা টেন্ডুলকার। 

কলকাতার বিপক্ষে ম্যাচের প্রথম ওভারেই বল হাতে আক্রমণে আসেন অর্জুন। ঐ ওভারে মাত্র ৪ রান দেন তিনি। নিজের দ্বিতীয় ওভারে ১৩ রান দেন অর্জুন। ২ ওভারে ১৭ রান দেওয়ায় অর্জুনকে আর বোলিং দেয়নি মুম্বাই। তবে আইপিএলের ইতিহাসে দারুণ এক নজির গড়েছেন শচীন ও অর্জুন। বাব-ছেলে হিসেবে আইপিএলে খেলার বিরল কীর্তি গড়েছেন তারা। 

ছেলের অভিষেকে উচ্ছ্বসিত টেন্ডুলকার। সামাজিক যোগাযোগ মাধ্যমেই সেটিই ফুটিয়ে তুলেছেন টেস্ট ও ওয়ানডের সর্বোচ্চ রানের মালিক টেন্ডুলকার। এক বার্তায় টেন্ডুলকার লিখেছেন, ‘অর্জুন, ক্রিকেটার হিসেবে পথচলায় আরেকটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিলে তুমি। তোমার বাবা, যে তোমাকে অনেক বেশি ভালোবাসে, ক্রিকেট খেলারও অনুরাগী, আমি জানি তুমি সামনের দিনগুলোতে এই খেলাকে প্রাপ্য সম্মান ও  ভালোবাসা দিবে। ক্রিকেটও তার ভালোবাসা ফিরিয়ে দিবে তোমাকে। এই জায়গায় আসতে তুমি অনেক কষ্ট করেছ। আমি নিশ্চিত, তুমি আরও পরিশ্রম করবে। এটা তোমার দারুণ এক পথচলার শুরু মাত্র। শুভ কামনা রইল।’

ক্রিকেট ক্যারিয়ারে টেন্ডুলকারের সবচেয়ে কাছের সতীর্থ ছিলেন ভারতের সাবেক অধিনায়ক সৌরভ গাঙ্গুলী। টেন্ডুলকারের ছেলের আইপিএল অভিষেকে অভিনন্দন জানাতে ভুল করেননি গাঙ্গুলীও। এবারের আসরে দিল্লি ক্যাপিটালসের ক্রিকেট পরিচালক গাঙ্গুলী লিখেছেন, ‘মুম্বাইয়ের হয়ে অর্জুনকে খেলতে দেখে খুব খুশি হলাম। এজন্য নিশ্চয়ই গর্বিত হবে তার চ্যাম্পিয়ন বাবা। তার জন্য অনেক অনেক শুভেচ্ছা।’

জাতীয় দলে টেন্ডুলকারের এক সময়ে ওপেনিং পার্টনার বিরেন্দার শেবাগ লিখেছেন, ‘চ্যাম্পিয়ন বাবার মত আকাশ ছোঁয়া সাফল্য পাও অর্জুন, এমনটাই প্রত্যাশা করি। এখনও অনেক পথ যেতে হবে তোমাকে।’

ইত্তেফাক/জেডএইচ