সিলেট-সুনামগঞ্জ রুটে নতুন কোনো বাস নামতে না দিয়ে বাস মালিক-শ্রমিকরা যাত্রীদের জিম্মি করে রাখার প্রতিবাদে শুক্রবার সিলেটে 'জিম্মি মুক্তি সমাবেশ' করেছে পরিবেশ ও হাওর উন্নয়ন সংস্থা।
শুক্রবার বিকেলে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে পরিবহন নৈরাজ্যের প্রতিবাদে সুনামগঞ্জবাসীসহ সর্বস্তরের সিলেটবাসী মুখে কালো কাপড় বেঁধে প্রতিবাদ জানান।
সমাবেশে বক্তারা বলেন, সিলেট-সুনামগঞ্জ রুটে বাস মালিক সমিতি তাদের বাস ছাড়া নতুন কোনো বাস নামতে দিচ্ছে না। কিন্তু তাদের বাস সার্ভিস অত্যন্ত নিম্নমানের। তাই এই রুটের যাত্রীরা টাকা খরচ করে ওই বাসে চড়তে বাধ্য হচ্ছেন। আমরা গুটি কয়েক পরিবহন ব্যবসায়ীর হাতে জিম্মি থাকতে চাই না। এ থেকে মুক্তি চাই।
পরিবেশ ও হাওর উন্নয়ন সংস্থার সভাপতি কাসমির রেজার সচাপতিত্বে ও সাধারণ সম্পাদক পিযুষ পুরকায়স্থ টিটুর সঞ্চালনায় উক্ত সভায় বক্তব্য রাখেন, সাংস্কৃতিক ব্যক্তিত্ব ব্যারিস্টার মো. আরশ আলী, সিলেট সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ অধ্যাপক হায়াতুল ইসলাম আখঞ্জি, জগন্নাথপুর সমিতি-সিলেটের সভাপতি অধ্যক্ষ সৈয়দ মুহাদ্দিস আহমদ, সাংবাদিক আল আজাদ, সিলেটের এডিশনাল পিপি এডভোকেট শামসুল ইসলাম, সিলেট জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক এডভোকেট হুসেন আহমদ, বৃহত্তর ময়মনসিংহ সমিতি-সিলেটের সভাপতি ডাক্তার ছফির উদ্দিন ও সাধারণ সম্পাদক তৌফিকুল আলম বাবলু, সম্মিলিত নাট্য পরিষদ সিলেটের সভাপতি মিশফাক আহমদ মিশু, তাহিরপুর সমিতি সিলেটের সভাপতি এডভোকেট আলী হায়দার, মধ্যনগর সমিতি-সিলেটের সভাপতি আমিনুল ইসলাম প্রমুখ।
আরও পড়ুন: ছেলের সামনে বাবাকে পেটানো সেই পুলিশ কর্মকর্তা সাসপেন্ড
উল্লেখ্য, সিলেট-সুনামগঞ্জ সড়কে বিআরটিসি বাস নামানোর প্রতিবাদে বাস মালিক-শ্রমিক ঐক্য পরিষদ আগামী ২৪ জুন থেকে লাগাতার ধর্মঘট আহ্বান করেছে। এদিকে এই ধর্মঘটকে সম্পূর্ণ অযৌক্তিক আখ্যা দিয়ে তা প্রতিরোধের ঘোষণা দিয়ে সিলেট ও সুনামগঞ্জে নানা কর্মসূচি পালিত হচ্ছে। আন্দোলনকারীদের অভিমত, যারা যাত্রীদের অধিক সেবা দিবে তারা সেই পরিবহনে উঠবেন। এখানে কারো বাধা মেনে নেওয়া যায় না।
ইত্তেফাক/অনি
