পবিত্র ঈদুল ফিতরের ছুটি উপলক্ষে আগামী ২০, ২১, ২২ ও ২৩ এপ্রিল ছুটি ঘোষণা করেছে সরকার। এসময়ে ক্লিয়ারিং হাউজে লেনদেনে আন্তঃব্যাংকের চেক নিষ্পত্তির নতুন সময় ঘোষণা করেছে কেন্দ্রীয় ব্যাংক।
সোমবার (১৭ এপ্রিল) বাংলাদেশ ব্যাংকের পেমেন্ট সিস্টেমস ডিপার্টমেন্ট (পিএসডি) এক বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ ব্যাংকে স্থাপিত রিয়েল টাইম গ্রস সেটেলমেন্ট (আরটিজিএস), স্বয়ংক্রিয় চেক নিকাশ ঘর (বাংলাদেশ অটোমেটেড ক্লিয়ারিং হাউজ-বিএসিএইচ বা ব্যাচ) কার্যক্রমের সময়সূচি পরিবর্তন করা হয়েছে।
বিএসিএইচের মাধ্যমে হাই ভ্যালু চেক (পাঁচ লাখ টাকার বেশি) ও রেগুলার ভ্যালু চেক (পাঁচ লাখ টাকার কম) নিকাশ ব্যবস্থা নিষ্পত্তি করা হয়। ছুটিতে হাই ভ্যালুর চেক ক্লিয়ারিংয়ের জন্য সকাল সাড়ে ১০টার মধ্যে পাঠাতে হবে। যা দুপুর ১২টার মধ্যে নিষ্পত্তি হবে। আর যেকোনো রেগুলার ভ্যালুর চেক বেলা সাড়ে ১১টার মধ্যে ক্লিয়ারিং হাউজে পাঠাতে হবে। এসব চেক দুপুর দেড়টার মধ্যে নিষ্পত্তি হবে।
এছাড়া বাংলাদেশ ইলেকট্রনিক ফান্ডস ট্রান্সফার নেটওয়ার্ক (বিইএফটিএন) সেবা আগের নিয়মে চলবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।
