বার্সা কখনো সুবিধা পাওয়ার জন্য কিছু করেনি: লাপোর্তা

আপডেট : ১৮ এপ্রিল ২০২৩, ১১:৫০

সাবেক রেফারি প্রধানকে অর্থ প্রদান বিষয়ক তদন্তকে সামনে রেখে বার্সেলোনার সভাপতি জোয়ান লাপোর্তা বলেছেন, ‘সুবিধা পাওয়ার জন্য তার ক্লাব কখনো কিছু করেনি’। 

এই বছরের শুরুতে সাবেক  একজন রেফারি প্রধানের মালিকানাধীন প্রতিষ্ঠানকে ৭.৩ মিলিয়ন ইউরোরও বেশি অর্থ প্রদান করায় গত মাসে কাতালান ক্লাবের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ আনেন স্প্যানিশ প্রসিকিউটররা। 

বার্সেলোনার দাবি, রেফারিং বিষয়ক বিভিন্ন পরামর্শের জন্য সাবেক রেফারি ও স্প্যানিশ ফুটবল ফেডারেশনের রেফারিং কমিটির সহ-সভাপতি হোসে মারিয়া এনরিকেজ নেগ্রেইরাকে ১৯৯৪ থেকে ২০১৮ সাল পর্যন্ত অর্থ প্রদান করেছে তারা।

বার্সা সভাপতি লাপোর্তা জানান, এই ক্লাবটি কখনো খেলাধুলায় কোন ধরনের সুবিধা আদায় বা প্রতিযোগিতা দৃশ্যপট পরিবর্তনের উদ্দ্যেশ্য নিয়ে কিছু করেনি।’ তিনি আরও যোগ করেন, লা লিগায় বর্তমানে পয়েন্ট তালিকার শীর্ষে থাকা দলটির বিরুদ্ধে এটি এক ধরনের অপপ্রচারের অংশ। 

ক্লাব ও নেগ্রেইরার পাশাপাশি বার্সেলোনার সাবেক সভাপতি জোসেপ মারিয়া বার্তোমেউ এবং স্যান্দ্রো রোসেলের বিরুদ্ধেও একইভাবে দুর্নীতির অভিযোগ করা হয়েছে। 

এদিকে, লা লিগার সভাপতি হাভিয়ের তেবাস বলেছেন, বার্সেলোনার সঙ্গে জড়িয়ে রেফারি দুর্নীতির কারণে স্প্যানিশ ফুটবল এ যাবৎকালের ‘বাজে’ সময় পার করছে। 

এর আগে গত মাসে তিনি বলেন,‘ আমাদের ফুটবলের সুনাম হুমকির মুখে। আমি লজ্জিত। বার্সেলোনার কাছ থেকে আমাদের কোন ব্যাখ্যা চাওয়ার নেই।’

ইত্তেফাক/এসএস