গরুর কথা বলে ‘ঘোড়ার মাংস’ বিক্রি, পলাতক কসাই 

আপডেট : ১৮ এপ্রিল ২০২৩, ১৬:৫৪

কক্সবাজারের উখিয়ায় গরুর মাংসের কথা বলে ঘোড়ার মাংস বিক্রির অভিযোগ উঠেছে। একটি প্রতারক চক্র দীর্ঘদিন ধরে এমন কারবার করে আসছে বলে জানায় স্থানীয়রা। মঙ্গলবার (১৮ এপ্রিল) সকালে হলদিয়াপালং ইউনিয়নের মরিচ্যা বাজার এলাকায় জবাই করা ঘোড়ার মাংস জব্দ করে পুলিশ।

উপজেলার হলদিয়াপালং ইউপি চেয়ারম্যান কায়েস চৌধুরী বলেন, জানতে পারি গরুর মাংস বলে বিক্রির জন্য মরিচ্যা বাজারের কসাই মাহবুব তার বাড়িতে ঘোড়া জবাই করেছে। এ সংবাদ পাওয়ার সঙ্গে সঙ্গেই স্থানীয়দের নিয়ে তার বাড়িতে গিয়ে দেখি ঘোড়ার মাথাসহ মাংস কাটাকাটি চলছে। আমাদের উপস্থিতি টের পেয়ে মাহবুব পালিয়ে যায়। পরে মাংস, লেজ ও ঘোড়ার মাথা পুলিশের সহায়তায় জব্দ করা হয়েছে।

উখিয়া থানার ওসি শেখ মোহাম্মদ আলী জানান, চেয়ারম্যানের সহায়তায় ঘোড়ার মাংস জব্দ করা হয়েছে। এ সময় অভিযুক্ত কসাই পালিয়ে যাওয়ায় তাকে আটক করা সম্ভব হয়নি। তবে আটকের চেষ্টা অব্যাহত রয়েছে।

ইত্তেফাক/পিও